রাষ্ট্রপতির সম্মতির পর নির্বাচন কমিশন নিয়োগ বিলের গেজেট প্রকাশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i103136-রাষ্ট্রপতির_সম্মতির_পর_নির্বাচন_কমিশন_নিয়োগ_বিলের_গেজেট_প্রকাশ
সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিধান রেখে জাতীয় সংসদে ষোড়শ অধিবেশনে পাস হওয়া বিল-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ (রোববার) এই গেজেট প্রকাশ করা হয়েছে। এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ৩০, ২০২২ ০৯:১৭ Asia/Dhaka
  • রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিধান রেখে জাতীয় সংসদে ষোড়শ অধিবেশনে পাস হওয়া বিল-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ (রোববার) এই গেজেট প্রকাশ করা হয়েছে। এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি।

এর আগে গতকাল (শনিবার) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২-এ সদয় সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জাতীয় পার্টির আপত্তি

এদিকে, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের নির্বাচন কমিশন আইনের ব্যাপারে আপত্তি উত্থাপন করে বলেছেন, বর্তমান যে আইনটি পাস হয়েছে তাতে শুধু নির্বাচন কমিশন গঠন বিষয়টি বিবেচনা করা হয়েছে, তাদের যথাযথ ক্ষমতার বিষয়টি বিদ্যমান আইনের আওতায় আনা হয়নি। এ আইন প্রণয়ন করার ফলে নির্বাচন কমিশন গঠন ও তাদের ওপর অর্পিত দায়িত্ব কার্যকরভাবে পালনের ক্ষমতায়নে আগের তুলনায় কোন উন্নতি হবে বলে মনে হয় না। আগের মতই উপরোক্ত বিষয়সমূহ পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ নতুন এ আইনটি পুরাতন পদ্ধতিকে একটি আইনগত কাঠামোতে এনে আইন সম্মত করা হচ্ছে। এক কথায় এই আইনটি করার পরেও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে পূর্বের ন্যায় সংশয় থেকেই যাচ্ছে। 
  
শনিবার বনানীস্থ পার্টি চেয়ারম্যানের কার্যালয় জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে মনোনীত ব্যক্তিদের নাম-পরিচয় সংবলিত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার ক্ষেত্রে বর্তমান ব্যবস্থায় জনসমক্ষে প্রকাশ করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। তা ছাড়া মাত্র ১৫ কর্মদিবসের মধ্যে নাম প্রস্তাব করার বিধানটি বেশি তাড়াহুড়ো বলে মনে হয়, যা জনমনে সংশয় সৃষ্টি করতে পারে। ফলে সার্চ কমিটির কাজের স্বচ্ছতা থাকছে না।

সার্চ কমিটির সুপারিশকৃত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি।

জিএম কাদের

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে নির্বাচন কমিশন গঠন বিষয়ে বলা আছে। এখানে অনুচ্ছেদ ১১৮(১)- উল্লেখ আছে— ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দান করিবেন।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সংবিধানের ৪৮ অনুচ্ছেদের ৩ ধারার কারণে রাষ্ট্রপতি মাত্র দুটি নিয়োগ বাদে সব কাজেই পরামর্শ করতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে। তাই নির্বাচন কমিশন গঠনে নিরপেক্ষতা নিয়ে সংশয় থেকেই গেছে। 

গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২ জাতীয় সংসদে তোলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলটির ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়ে নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি ও গণফোরামের ১০ সংসদ সদস্য। আর বিলের ওপর সংশোধনী দিয়ে আলোচনায় অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১২ এমপি।

বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হলেও বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো, অনুসন্ধান কমিটিতে রাষ্ট্রপতির মনোনীত দুই বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন নারী হবেনএমন বিধান যুক্ত করা হয়েছে। এ ছাড়া অনুসন্ধান কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। আগে তা ১০ দিন ছিল।

বিলের শিরোনামে পরিবর্তন আনা হয়েছে। সংসদে সংশোধনী প্রস্তাব গ্রহণের মাধ্যমে এখন নাম হবে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল

আইন অনুযায়ী, আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি হবে। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।