বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে- কাদের: সরকারের পদত্যাগ দাবি ফখরুলের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনো বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের এ আহ্বান জানান।
তিনি বলেন, "আজ যারা কথায় কথায় মানবাধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতার কথা বলে তারাই বঙ্গবন্ধু এই ঐতিহাসিক ভাষণ নিষিদ্ধ করেছিল। এই ভাষণ বাজাতে গিয়ে আমাদের কত অত্যাচার নির্যাতন অপমান সহ্য করতে হয়েছে। এখনো বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 'জয় বাংলা' শ্লোগান দিয়ে আরেকটি কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।"
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, "সেদিন বঙ্গবন্ধু শুনিয়েছিলেন বাঙালি জাতিকে আত্মশক্তিতে বলিয়ান হওয়ার অমর বাণী। এই ভাষণ দেশকালের সীমানা পেরিয়ে যায়। যার ফলে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে।"
হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে: বিএনপি
এদিকে প্রধান বিরোধীদল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তাদের আর কোনো অধিকার নেই রাষ্ট্র পরিচালনা করার। এই মূহূর্তে হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আজ (সোমবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্রফোরামের এই সভার আয়োজন করে।
বিএনপি মহাসচিব বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি এখন এমন পর্যায়ে চলে গেছে। জিনিসপত্রের দাম এমনভাবে বাড়ানো হচ্ছে যে সাধারণ মানুষের এখন আর বেঁচে থাকার সুযোগ নেই।‘
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৪ বছর ধরে আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতায় আছে। আর এই ক্ষমতায় থাকার নীলনকশা শুরু হয়েছে ওয়ান-ইলেভেনের সময় থেকে। সবই ছিল পূর্বপরিকল্পিত। বেগম জিয়ার জনপ্রিয়তা শেষ করে দেওয়ার জন্যই এসব করা হয়েছে।’
বিএনপি মহাসচিব দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন আর সময়ক্ষেপণ করার সুযোগ নেই। আসুন আমরা নিজেদের সঙ্ঘবদ্ধ করি। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করি। সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের ঐক্যবদ্ধ করি। একটা জাতীয় ঐক্য গড়ে তুলে অবৈধভাবে চেপে বসা সকারকে পরাজিত করি।
মির্জা ফখরুল বলেন, আমাদের দাবি খুব পরিষ্কার। আমাদের প্রথম দাবি হচ্ছে, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। যিনি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দীর্ঘ নয় বছর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তাকে মুক্তি দিতে হবে, এর কোনো বিকল্প নেই। খালেদা জিয়াকে মুক্তি দেয়ার পরে এই সরকারকে পদত্যাগ করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের নির্বাচন পরিচালনার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।