নারীর-পুরুষ বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না? হাইকোর্টের রুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i104932-নারীর_পুরুষ_বৈষম্য_কেন_অবৈধ_ঘোষণা_করা_হবে_না_হাইকোর্টের_রুল
সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৮, ২০২২ ১৩:৪৭ Asia/Dhaka
  • নারীর-পুরুষ বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না? হাইকোর্টের রুল

সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান করে আজ মঙ্গলবার বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ রুল জারি করেন বলে সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ বিচারকাজের শুরুতে বলেন, আজ নারী আইনজীবীদের মামলা আগে শুনব। সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, ‌‘নারী দিবস উপলক্ষে আদালত বলেছেন, আমরা নারী আইনজীবীদের মামলা আজ আগে শুনব। নারী আইনজীবীদের মামলা শুনানি শেষে কোর্টের সময় থাকলে পুরুষ আইনজীবীদের মামলা শুনব। রাষ্ট্রপক্ষে আজ দুই নারী সহকারী অ্যাটর্নি জেনারেল মৌদুদা বেগম মলি ও হাসিনা মোমতাজকে শুনানি করতে বলেছেন।’

এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বাণীতে বিশ্বের সকল নারীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারাবিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। আজ (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা জানান। নারী দিবসে এবারের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, এদেশের নারী-পরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনিভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে। 

শেখ হাসিনা বলেন, নারীর দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় বাস্তবায়িত হচ্ছে ভিজিডি কর্মসূচি, দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি, মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য কর্মমুখী প্রশিক্ষণ এবং ক্ষুদ্রঋণসহ বিভিন্ন ধরনের প্রকল্প ও কর্মসূচি। প্রধানমন্ত্রী বলেন, নারী পাচার, বাল্যবিবাহ প্রতিরোধসহ নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে করা হয়েছে কঠোর আইন ও নীতি। এ ছাড়া রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ১০৯, পুলিশের ৯৯৯ ও ৩৩৩ হেল্প লাইনের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা ব্যবস্থা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।