'আবারও একই ব্যর্থ স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করা তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না'
ইরানের ইউরেনিয়াম মজুদ সংক্রান্ত ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করলেন বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন সরকারের সঙ্গে আসন্ন চুক্তি স্বাক্ষরের পর উচ্চমাত্রায় সমৃদ্ধ ইরানি ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন।
সোমবার অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি কেন্দ্রীয় ইরানে ইউরেনিয়ামের মজুদ সংগ্রহের উদ্দেশ্যে ৪০ দিনের যুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, ওই অভিযান পুরোপুরি ব্যর্থ হয়েছিল এবং যুক্তরাষ্ট্র একবার সেই ব্যর্থতার অভিজ্ঞতা অর্জন করেছে; তাই আবারও একই ব্যর্থ স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করা তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না।
বাকায়ি বলেছেন, ভবিষ্যতে চূড়ান্ত চুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে যে সমঝোতা স্মারক (MoU), সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি; বিষয়টি কেবল নীতিগত পর্যায়ে উল্লেখ করা হয়েছে।
তিনি জানান, চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে নির্ধারিত ৬০ দিনের আলোচনার সময় পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো একচেটিয়াভাবে আলোচিত হবে।
তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ—এই দুটি বিষয় পরবর্তীতে অনুষ্ঠিতব্য কারিগরি আলোচনায় বিবেচনার জন্য উত্থাপিত হবে। #
পার্স টুডে/এমএএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।