বাংলাদেশে এখন দুর্ভিক্ষ চলছে- বিএনপির এই বক্তব্যের জবাবে যা বললেন ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i106288-বাংলাদেশে_এখন_দুর্ভিক্ষ_চলছে_বিএনপির_এই_বক্তব্যের_জবাবে_যা_বললেন_ওবায়দুল_কাদের
বাংলাদেশে এখন দুর্ভিক্ষ চলছে-বিএনপি সহ বিরোধী পক্ষের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন, দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপিসহ কিছু বিরোধীদলীয় নেতার মানসিকতায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৭, ২০২২ ১৩:২৭ Asia/Dhaka
  • বাংলাদেশে এখন  দুর্ভিক্ষ চলছে- বিএনপির এই বক্তব্যের জবাবে যা বললেন ওবায়দুল কাদের

বাংলাদেশে এখন দুর্ভিক্ষ চলছে-বিএনপি সহ বিরোধী পক্ষের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন, দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপিসহ কিছু বিরোধীদলীয় নেতার মানসিকতায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংয়ে এমন  মন্তব্য করেন।  এর আগে বিএনপি মহাসচিব রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে দাবী করেছেন, চারিদিকে দৃশ্যমান দুর্ভিক্ষ চলছে। টিসিবি’র ট্রাকের পেছনে মধ্যবিত্ত পরিবারের মানুষদের দীর্ঘ  লাইন সেটাই প্রমাণ করছে।

তবে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণে দেশে এখন চলছে নিরব দুর্ভিক্ষ। ধেয়ে আসছে দুর্ভিক্ষ। বেসরকারী উন্নয়ন সংস্থা জি-৯ এর সাধারণ সম্পাদক ডঃ সাখাওয়াত হোসেন অনুরুপ অভিযোগ করে বলেছেন, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে; কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধদতা না থাকায় সরকারের মন্ত্রীরা এ নিয়ে নিষ্ঠুর তামাশা করছেন।

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের  চালেঞ্জ 

ওদিকে, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক দাবি করেছেন, আওয়ামী লীগের তিন মেয়াদে ক্ষমতায় থাকাকালে দেশের কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। তিনি বলেন, এই ১৩ বছরে শেখ হাসিনা সরকারের আমলে একজন মানুষ না খেয়ে মারা গেছে এ তথ্য যদি কোনো সাংবাদিক দেখাতে পারে, তা হলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগ-বানিয়াজুরী এলাকায় ব্রি-৯২ জাতের ধান বীজ উৎপাদনকারী ব্লকের কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন দেশে খাদ্যশস্য যথেষ্ট মজুদ রয়েছে এবং খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই ।

তিনি বলেন, '৭১-এর যুদ্ধপরবর্তী সময়ে দেশে খাদ্য ঘাটতি ছিল। খাদ্যের জন্য সারা পৃথিবীতে আমরা খাদ্যের ঝুড়ি নিয়ে ঘুরে বেড়াতাম। তখন দেশে দুর্ভিক্ষ হতো। প্রতি বছর আশ্বিন-কার্তিক মাসে মঙ্গা হতো। কোনো মানুষের ঘরে খাবার থাকত না। মন্ত্রী বলেন, ২০০৩-০৬ সালে খালেদা জিয়া, তারেক জিয়া ক্ষমতায় ছিল। এ সময় প্রতি বছর শত শত মানুষ আশ্বিন-কার্তিক মাসে মঙ্গার কারণে না খেয়ে মারা গেছে।  সেই বাংলাদেশে আজকে সবাই দুই বেলার বেশি খায়। কোনো কোনো বছর খাদ্য উদ্বৃত্ত হচ্ছে। আমরা বহির্বিশ্বে তা রপ্তানি করছি। আমাদের এই সাফল্য এবং অর্জন সফল হয়েছে সরকারের দূরদর্শী নেতৃত্বে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।