বিরোধী দল দমন করে কোনো স্বৈরশাসকের গদি রক্ষা হয়নি: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i106542-বিরোধী_দল_দমন_করে_কোনো_স্বৈরশাসকের_গদি_রক্ষা_হয়নি_বিএনপি
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের সকল অপকৌশল নিয়েছে। এভাবে বিরোধী দল দমন করে বিশ্বের কোনো স্বৈরশাসক গদি রক্ষা করতে পারেনি। বর্তমান সরকারও পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০২২ ১৫:০১ Asia/Dhaka

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের সকল অপকৌশল নিয়েছে। এভাবে বিরোধী দল দমন করে বিশ্বের কোনো স্বৈরশাসক গদি রক্ষা করতে পারেনি। বর্তমান সরকারও পারবে না।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাহস থাকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিন। দেখবেন জনগণের প্রবল স্রোত আপনার সিংসহানের দিকে কিভাবে ধেয়ে যায়।

রুহুল কবির রিজভী বলেন, সরকার গণতন্ত্রকে ভয় পায়। গণতন্ত্রের মানে তো বিরোধী দল সরকারের সমালোচনা করে তাদের ভুল ধরিয়ে দিবে। কিন্তু আওয়ামী লীগ সেটা সহ্য করতে পারেন না।

‘দেশে শক্তিশালী বিরোধী দল নেই’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলছেন দেশে শক্তিশালী বিরোধী দল নেই। আসলে বনের নেকড়ে সকল প্রাণী খেয়ে ফেলার পর বলছে যে আর প্রাণী নেই। আরে বিরোধীদল শক্তিশালী বলেই তো তাদেরকে আপনি কারাগারের ভরে রেখে ক্ষমতায় আছেন। তাদেরকে গোরস্থানে পাঠিয়েছেন। আসলে বিএনপি ও বিরোধী দল আপনি ভয় পান বলেই তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তরুণ নেতা ইশরাককে বন্দি করেছেন। শেখ ফরিদ আহমেদ মানিক, রফিকুল আলম মজনু ও সুমন ভুঁইয়াকে বন্দি করেছেন।

সরকারের বিরুদ্ধে মহাদুর্নীতির অভিযোগ করে রিজভী বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ১১ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। ব্যাংক, পদ্মা সেতু, উড়াল সেতু, মেট্র রেলসহ বিভিন্ন প্রকল্পের নামে অর্থ লুট করা হয়েছে। সরকার মহাদুর্নীতি করেছে। এজন্যে তাদেরকে জবাবদিহি করতে হবে। জনগণ এখন চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এদিকে, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।

এর আগে গত  বুধবার (৬ এপ্রিল) মতিঝিল  এলাকায়  দ্রব্য মুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ইশরাককে গ্রেপ্তার কর পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি ২০২০ সালে গাড়ি পোড়ানোর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক নম্বর আসামি। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রবিরোধী কাজে উসকানির জন্য দুর্নীতিলব্ধ অর্থ বিনিয়োগ করা হচ্ছে।

মঙ্গলবার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, বিএনপির কথিত আন্দোলন আর অভ্যুত্থানের রঙিন খোয়াব ভেঙে যাওয়ায় জনগণের নজর এখন ভিন্ন দিকে নিতে চায়। কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতেই বিএনপি নেতারা দুর্নীতির তথ্য প্রদানের নামে নাটকীয়তার আশ্রয় নিচ্ছে। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা দুর্নীতি দমন কমিশনে গিয়ে যে মহড়া দিয়েছেন তা নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা আড়ালের অপচেষ্টা মাত্র।

ওবায়দুল কাদের বলেন, “যে দলের চেয়ারপারসন দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দন্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং দলীয় গঠনতন্ত্র থেকে যে দল দুর্নীতি বিরোধী ধারা অপসারণ করে, যারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের পরিচিত করেছে, যাদের শাসনামলে দেশকে পরপর ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক তিলক পরতে হয়েছিল, সেই আপাদমস্তক দুর্নীতিগ্রস্থ বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের হাসি পায়।” দেশবাসী জানে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “শুদ্ধি অভিযানের মাধ্যমে এর প্রমাণ জনগণ ইতিমধ্যে দেখেছে।” তিনি বলেন, “যে যত বড় নেতাই হোক, অনিয়মের অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবেনা। সরকারি দলের অনেক নেতা, এমপি এমনকি মন্ত্রী পর্যন্ত ছাড় পায়নি।”#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।