রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i106736-রাষ্ট্রযন্ত্রকে_ব্যবহার_করে_আওয়ামী_লীগ_অন্যায়ভাবে_ক্ষমতায়_টিকে_থাকতে_চায়_বিএনপি
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও অভিযোগ করছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। বাংলাদেশে মানবাধিকার লংঘন, গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক নিপীড়নের যে ভয়াবহ চিত্র মার্কিন পররাষ্ট দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তা বিএনপিসহ বিরোধী দলের এতদিনের অভিযোগের সত্যতাইকেই প্রমাণ করেছে। আগামী নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০২২ ১৬:০০ Asia/Dhaka
  • রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়: বিএনপি

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও অভিযোগ করছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। বাংলাদেশে মানবাধিকার লংঘন, গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক নিপীড়নের যে ভয়াবহ চিত্র মার্কিন পররাষ্ট দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তা বিএনপিসহ বিরোধী দলের এতদিনের অভিযোগের সত্যতাইকেই প্রমাণ করেছে। আগামী নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।

আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ‘২০২১ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এমন  মন্তব্য  করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদী এ সরকারের মারাত্মক মানবাধিকার লঙ্ঘন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিরোধীদলের নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতনের যেসব অভিযোগ উঠেছে, তা এ প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে সম্প্রতি র‍্যাব ও বাহিনীটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সে সত্যকে আরও প্রতিষ্ঠিত করেছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের নির্বাচনে ব্যাপক কারচুপি, সন্ত্রাস এবং আগের রাতে সিল মারা, ভোটারদের ভীতি প্রদর্শন করে ভোটকেন্দ্রে আসতে না দিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। প্রতিবেদনে নির্বাচন ব্যবস্থাকে জালিয়াতিপূর্ণ বলে অভিহিত করায় প্রমাণিত হয়েছে যে, অনির্বাচিত আওয়ামী সরকারের অধীনে কখনও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।’

বাংলাদেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে:  ওবায়দুল কাদের 

ওদিকে, ক্ষমতাসীন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামল ছাড়া আর কোনো সরকারের শাসনামল ভালো ছিল না । শেখ হাসিনা সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে।

আজ শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, গাধা যেমন জল ঘোলা করে পানি খায়, তেমনি বিএনপিও আগামী জাতীয় নির্বাচনে জল ঘোলা করে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করেন তিনি।

ওবায়দুল কাদের আশ্বস্ত করে বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকার নির্বাচন কমিশনকে শুধু সহযোগিতা করবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,  বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে সামগ্রিকভাবে দেশের বাস্তব অবস্থা ফুটে উঠেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণ শারীরিক সুস্থতা কামনায় মানব সেবা সংঘের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রিজভী বলেন,ওই প্রতিবেদনে বলা হয়েছে-বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে বন্দি করা হয়েছে, তিনি রাজবন্দি। এখানে সংবাদপত্রের স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। আইনশৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত হত্যা ও গুমসহ নানা ধরনের নিপীড়নে জড়িত থাকলেও এর জন্য তাদের জবাবদিহি করা হয় না। প্রতিবেদনে এই সামগ্রিক বাস্তব অবস্থা তুলে ধরা হয়েছে। কিন্তু এটা ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের গায়ে খুব লেগেছে।

অনুষ্ঠানে  ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ  বলেন, সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, নির্ভয়ে-নির্বিঘ্নে চলাচল করার অধিকার কেড়ে নিয়েছে। দেশে ফ্যাসিবাদী শাসন চলছে- কিন্তু সরকার  আর  আওয়ামী নেতারা  বলবেন এটাই গণতন্ত্র। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকেও নাকি সেটাই স্বীকার করতে হবে । 

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।