বিএনপি নেতা মকবুল হোসেন পুলিশী রিমান্ডে
নিউমার্কেটে সংঘর্ষে ছাত্রলীগ দায়ী- বিএনপি: আ.লীগ বলেছে, বিএনপি ব্লেম গেম খেলছে
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’ র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছে, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে সম্পুর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তা ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের ২৪ জন নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ' জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনা প্রমাণ করেছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশের উপস্থিতির মধ্যেই ভয়াবহ হামলা, পাল্টা হামলা, মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হেলমেট পরিহিত সন্ত্রাসীরা পিটিয়ে মানুষ মারছে আর পুলিশ নিরব ভূমিকা পালন করছে। পুলিশের নিষ্ক্রিয়তা জনগনের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে।
মির্জা ফখরুল বলেন, টানা দুই দিনে সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে যখন জনগণ দায়ী করছে সেই সময়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নিরাপরাধ নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে।
মামলা, গ্রেপ্তার, গুম, খুন, হত্যা এই সরকারের প্রধান অস্ত্র যা দিয়ে বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে। নিউ মার্কেটের সন্ত্রাসী সংঘর্ষ, পুলিশের ভূমিকা এবং পরবর্তীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলা দায়ের আবারো প্রমাণ করলো আওয়ামী লীগ সরকার ভয় দেখিয়ে, নির্যাতন করে, হত্যা করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়।
মির্জা ফখরুল বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊধর্বগতির কারণে সর্বক্ষেত্রে ব্যর্থতার বিরুদ্ধে যখন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে তখন জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার উদ্দেশ্যমূলকভাবেই এই সংষর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে। সরকার পূর্বের মতই মামলার বেড়াজালে বিএনপির নেতা-কর্মীদের বন্দি করার চক্রান্ত করছে।
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের এবং মকবুল হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ২৬ এপ্রিল বিক্ষোভ কর্মসূচী পালন কররার ঘোষনা দেন বিএনপি মহাসচীব।
‘নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগই দায়ী’
মির্জা ফখরুল উল্লেখ করেন, ‘গণমাধ্যমের প্রতিবেদনে যে সত্যটি উদঘাটিত হয়েছে যে, হামলাকারীরা ছাত্র লীগের সন্ত্রাসী। ভিডিও ফুটেজ থেকে অন্ততঃ তিন জনকে চিহ্নিত করা হয়েছে যারা ঢাকা কলেজের ছাত্র লীগের সক্রিয় কর্মী। গণমাধ্যমের রিপোর্টে এটাও স্পষ্ট যে, প্রধানত: চাঁদাবাজীর কারণে এবং নিজেদেরে প্রভাব বিস্তারের জন্য ছাত্র লীগের বিভিন্ন গ্রুপের ভয়াবহ সন্ত্রাসীরা এই ঘটনার জন্য দায়ী।
শুধু এই ঘটনাই নয়, নিউমার্কেটসহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে দীর্ঘদিন ধরেই শাসক গোষ্ঠীর ছত্রছায়ায় ব্যাপক চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্য্কলাপ সংঘটিত হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশের সহায়তায় সেখানে অপরাধ জগত গড়ে তোলা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের রিপোর্টিংয়ে বেরিয়ে এসেছে যে, এই পুরো এলাকাটা, টিচারস ট্রেনিং কলেজ এবং ছাত্রাবাস - সবগুলোই ছাত্রলীগের নিয়ন্ত্রণে। এমনকি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নামে বরাদ্ধকৃত রুমও তারা সাবলেট দিয়েছে।
গনমাধ্যমের রিপোর্টে এটাও এসেছে যে, ছাত্রলীগের সুনির্দিষ্ট কমিটি না থাকার কারণে অনেকগুলো গ্রুপ আছে। সেই গ্রুপগুলোর বিরোধের কারণে এ এলাকায় এসব ঘটনা প্রায়ই ঘটে থাকে।
এদিকে, আওওামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম পাল্টা অভিযোগ করে বলেছেন, বিএনপি সব সময় সব কিছুর জন্য আওয়ামীলীগকেই দায়ি করে থাকে। এটা তাদের একটা ব্লেম গেম ।
‘দলের তদন্ত কমিটি গঠন’
নিউমার্কেটের প্রকৃত ঘটনার তদন্তে দলের তিন সদস্যের কমিটি গঠন করা হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে জানিয়েছে, এই তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে।
বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা আমরা বলি না। কারণ বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে।
এর আগে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে নিউমার্কেটের ঘটনায় নিহত নাহিদ ও মুরসালিনের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরে সমবেদনা জানানো হয়। একই সঙ্গে ওই ঘটনায় আহত সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করা হয়েছে।
বিএনপি নেতা মকবুল হোসেন পুলিশী রিমান্ডে
এদিকে, রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে তিন দিনের পুলিশী রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ শনিবার মকবুল হোসেনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন নিউমার্কেট থানা পুলিশ।
এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তারের পর মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে তাকে নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১৮ই এপ্রিল দিনগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষে এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। #
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।