শ্রীলংঙ্কার রাজনৈতিক পরিস্থিতি: ওবায়দুল কাদের ও ফখরুলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য
https://parstoday.ir/bn/news/bangladesh-i107824-শ্রীলংঙ্কার_রাজনৈতিক_পরিস্থিতি_ওবায়দুল_কাদের_ও_ফখরুলের_মধ্যে_পাল্টাপাল্টি_বক্তব্য
শ্রীলংকার রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশেও উত্তাপ বাড়াচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের বর্তমান স্বেচ্ছাচারী সরকারের নির্যাতন আর দুর্নীতির কারনে শ্রীলঙ্কার মতো পরিনতি হবে। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দু’দেশে অবস্থা এক নয় তাই এখানে তেমন গণ আন্দোলন হবেনা যে সরকারে পালিয়ে যেতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০২২ ১৫:৫৩ Asia/Dhaka

শ্রীলংকার রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশেও উত্তাপ বাড়াচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের বর্তমান স্বেচ্ছাচারী সরকারের নির্যাতন আর দুর্নীতির কারনে শ্রীলঙ্কার মতো পরিনতি হবে। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দু’দেশে অবস্থা এক নয় তাই এখানে তেমন গণ আন্দোলন হবেনা যে সরকারে পালিয়ে যেতে হবে।

এর আগে মঙ্গলবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ‍উদ্দেশে ফখরুল ইসলাম বলেন, শ্রীলঙ্কা সরকারের লোকেরা সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে। এরা দেখবেন বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগছে।  কিন্তূ বাংলাদেশ আর শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। 

বুধবার (১১ মে) রাজধানীর মহাখালীতে সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, নির্বাচনে ব্যর্থ, নিয়মিত সম্মেলন করে না, এমন ব্যর্থ নেতার পদত্যাগ করা উচিত। এদের বঙ্গোপসাগরে ঝাঁপ দেয়া দরকার। ফখরুল সাহেবকে তিনি বলেন, এত ব্যর্থতা নিয়ে এখনো কীভাবে দায়িত্বে আছেন, বঙ্গোপসাগরে ঝাঁপ দিচ্ছেন না কেন। বিএনপি অতীতের মতো আবারও নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানান ইস্যুতে আশ্রয় খুঁজছে। কখনও আরব বসন্তের স্বপ্ন দেখছে, আবার কখনো পরাশ্রয়ী আন্দোলনে ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।

ওবায়দুল কাদের বলেন, তারা হেফাজতে ভর করেছে, কোটাবিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনেও স্বপ্ন দেখেছিল। এমনকি ভারতের সরকার পরিবর্তনের পর তো ফুল আর মিষ্টি নিয়ে বন্ধের দিনে দূতাবাসের দরজায় গিয়ে অপেক্ষায় ছিল, কখন ক্ষমতায় যাওয়ার বার্তা আসে। এসব সক্ষমতাহীন মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাজনৈতিক দলের সাময়িক আত্মতুষ্টিতে ভোগা ছাড়া আর কিছু নেই। অনুরূপ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১১ মে) দুপুরে খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের জন্য নির্মিত জলযান হস্তান্তর অনুষ্ঠান শেষে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না। দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে- যোগ করেন মন্ত্রী।

এ সময় বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘বিএনপি স্বপ্ন দেখছেন আবারও ক্ষমতায় গিয়ে ২০০১ সালের মতো দেশকে পিছিয়ে দেবে; কিন্তু দেশের জনগণ তো সেটা চায় না। বিএনপি যতই ডাক দিক, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।’

পার্সটুডে/ বাবুল আখতার /১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।