ইভিএম প্রসঙ্গে ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i109898-ইভিএম_প্রসঙ্গে_ইসির_সঙ্গে_রাজনৈতিক_দলের_সংলাপ_বিপ্লবী_ওয়ার্কার্স_পার্টির_প্রতিক্রিয়া
বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন বলে আবারো গুরুত্বারোপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, ঈদুল আজহার পর রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক সংলাপ শুরু করা হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৯, ২০২২ ১২:১৩ Asia/Dhaka

বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন বলে আবারো গুরুত্বারোপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, ঈদুল আজহার পর রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক সংলাপ শুরু করা হবে।

গতকাল (মঙ্গলবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে ইভিএম সংক্রান্ত সংলাপে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে ইভিএম ব্যবহার প্রসঙ্গে দুটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক সংলাপের শেষ ধাপে গতকাল ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ দশটি দল অংশ নেয়। আমন্ত্রিত হয়ে অংশ নেয়নি সিপিবি, বাসদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সাইফুল হক

এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশের মানুষ এখনো ইভিএম নিয়ে শঙ্কা মুক্ত নন। নির্বাচন কমিশনও পুরোপুরি প্রস্তুত হতে পারে নি। যুক্তরাজ্যসহ অনেক দেশ যেখানে ইভিএম থেকে সরে এসে ব্যালট পদ্ধতিতে ভোট করছে সেখানে বাংলাদেশে এমন বিতর্কিত পন্থা অবলম্বন করা অযৌক্তিক। তাছাড়া সেখানে নির্বাচন কমিশনের তথা সরকারের ওপর রাজনৈতিক দলের আস্থা নেই সেখানে ইভিএম হবে নির্বাচনী ব্যবস্থার ওপর চরম আঘাত। যেমনটি হয়েছে সর্বশেষ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে।

আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। কোন্‌ পদ্ধতিতে নির্বাচন করব সেটা আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে ইভিএম নিয়ে এ যাবত বিপক্ষেই বেশি কথাবার্তা হয়েছে।

নির্বাচন কমিশনের সাথে সভা শেষে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি এখন না বললে শেষ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।