যুগপৎ আন্দোলনে ঐকমত্য গণঅধিকার পরিষদ-বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i111430-যুগপৎ_আন্দোলনে_ঐকমত্য_গণঅধিকার_পরিষদ_বিএনপি
বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে সরাতে যুগপৎ আন্দোলনের বিষয়ে বিএনপির সাথে ঐকমত ঘোষণা করছে গণঅধিকার পরিষদ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৩, ২০২২ ১৩:৩৯ Asia/Dhaka
  • যুগপৎ আন্দোলনে ঐকমত্য গণঅধিকার পরিষদ-বিএনপি

বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে সরাতে যুগপৎ আন্দোলনের বিষয়ে বিএনপির সাথে ঐকমত ঘোষণা করছে গণঅধিকার পরিষদ।

আজ (বুধবার) দুপুরে গণ অধিকার পরিষদের নেতাদের সাথে সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেয়া হবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নেয়া হবে। জয়ী হলে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র মেরামতের জন্য। 

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার আমাদের কথা বলার স্বাধীনতা, সাংবাদিকতা, ন্যায়বিচারের স্বাধীনতা ধ্বংস করেছে। এ কারণে আমরা জনগণকে সাথে নিয়ে সংসদ ভেঙে দিয়ে একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। পরে সকলের মতামতের ভিত্তিতে একটা শক্তিশালী নতুন নির্বাচন কমিশন গঠন করে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। আর এর মাধ্যমে যোগ্য পার্লামেন্ট ও সরকার গঠিত হবে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে গণ অধিকার পরিষদের সদস্য নুরুল হক নুর বলেন, বিএনপির সাথে আমাদের খুব একটা পার্থক্য নেই।

তিনি বলেন, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। প্রায় ১০টি বিষয় উঠে এসেছে। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটবিহীন জোর-জবরদস্তি করে ক্ষমতায় থাকা বর্তমান ফ্যাসিবাদ সরকারকে হটাতে যুগপৎ আন্দোলন-সংগ্রাম করার ক্ষেত্রে গণ অধিকার পরিষদও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একমত।

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম

ভোলায় কাল সকাল–সন্ধ্যা হরতাল

ওদিকে, ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ দুজনের মৃত্যুর ঘটনায় আগামীকাল (বৃহস্পতিবার) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। এছাড়া ওই দিন দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর আজ বিকালে এ ঘোষণা দেন।

এর আগে বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরে আলম।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন,  ১৫ আগস্টের ঘাতকরা এখনও তৎপর, তারা আমাকে ও আওয়ামী লীগকে সরিয়ে দিতে চায়

আজ বুধবার (৩ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যদের সাক্ষাৎকালে আবেগজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, জাতির পিতা রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন মানবতার কল্যাণে সেবা করার জন্য। পঁচাত্তরে জাতির পিতাকে নিষ্ঠুরভাবে হত্যার পর সেই রেডক্রসেরই এক টুকরো কাপড়কে কাফন বানিয়ে তাকে দাফন করা হয়েছিল।

যত গর্জে তত বর্ষে না: কাদের

এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি’র আন্দোলন সক্ষমতাকে আবারো কটাক্ষ করে বলেছেন, বিএনপির হুমকি-ধামকি বাস্তবে যতটা গর্জে, ততটা বর্ষে না।

বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে বলেন, রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। রাজপথ জনগণের সম্পত্তি। কাজেই জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের।

বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও-পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগের লড়াকু নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই সরকারে এসেছে। রাজপথে ত্যাগ-তিতিক্ষার অভিজ্ঞতা আমাদের (আওয়ামী লীগের) আছে।

আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে দাবি করে ওবায়দুল কাদের বলেন, যত সংকট আর ষড়যন্ত্রই হোক না কেন আওয়ামী লীগ এদেশেই থাকবে। দেশের মাটি ও মানুষের মাঝে থাকবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩