খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i115428-খালেদা_জিয়াকে_গ্রেফতারের_হুমকি_দিয়ে_আন্দোলন_থামানো_যাবে_না_ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে 'প্রতিহিংসার রাজনীতি' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বক্তব্য প্রমাণ করে দেশে গণতন্ত্র ও বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ০৪, ২০২২ ১৪:২৬ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে 'প্রতিহিংসার রাজনীতি' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বক্তব্য প্রমাণ করে দেশে গণতন্ত্র ও বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে করে বলেন, তাদের সমাবেশকে কেন্দ্র কোরে বরিশালে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। সরকারের এমন অঘোষিত হরতালের নজির বিশ্বের কোথাও নেই।

ফখরুল বলেন, মানুষ জেগে উঠেছে, হুমকি-ধামকি দিয়ে গণতন্ত্রের আন্দোলন ব্যাহত করা যাবে না। যেকোনো ত্যাগের বিনিময়ে তারা এবার গণতন্ত্র ফিরিয়ে আনবে, এটাতে তারা বদ্ধপরিকর। বিএনপি ক্ষমতায় এলে তারা সত্যিকার অর্থেই জনগণের সরকার ও জনগণের পার্লামেন্ট গঠন করবে, তবে এজন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

মির্জা ফখরুল বলেন, সরকার জনগণকে ভয় পাচ্ছে, মানুষকে ভয় পাচ্ছে। যেভাবে মানুষ জেগে উঠছে, এখানে গণ–অভ্যুত্থান সৃষ্টি হবে।

সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে যে সংকটগুলো তৈরি হয়েছে, এটা সম্পূর্ণভাবে তাদের দুর্নীতির কারণে তৈরি হয়েছে। প্রতিটা ক্ষেত্রে পদে পদে তারা দুর্নীতি করছে। মির্জা ফখরুল বলেন, রেমিট্যান্স বিদেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই কাজটা করছেন সরকারি দলের সঙ্গে যাঁরা জড়িত আছেন, তাঁরাই এটাকে হুন্ডি করে পাচার করছেন।#

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৪