ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইন
বাংলাদেশের সাবেক এসপি বাবুল আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুর, সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ
বাংলাদেশের অন্যতম আলোচিত মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পৃথক দুটি আইনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তবে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বাবুল আক্তারের উপস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে মামলায় তাকে এখন রিমান্ডে নেয়া হল তা সম্পূর্ণ অযৌক্তিক।
এর আগে বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়। বলা হয় যোগসাজসে আসামীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সম্প্রচার করেছেন। মামলার অন্য আসামিরা হলেন বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া এবং ভাই হাবিবুর রহমান লাবু।
পিবিআই প্রধান এজাহারে উল্লেখ করেন, ভিডিওতে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতীম দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার অপপ্রয়াস করা হয়। রাষ্ট্রের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টিরও অপপ্রয়াস করেছে।
এছাড়া এজাহারে ওই ভিডিও ডকুমেন্টারি বিভিন্ন তথ্য ও বক্তব্যকে মিথ্যা দাবি করে বিভিন্ন প্রমাণ ও তথ্য উপস্থাপন করেন পিবিআই প্রধান বনজ কুমার। #
পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।