আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি
১০ ডিসেম্বর ও বাংলাদেশের রাজনীতি; নানা মহলের জল্পনা-কল্পনা
বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপি। একই দিন ঢাকার অদূরে নবীনগর ও বাইপাইলের মাঝামাঝি মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে সাভার, আশুলিয়া ও ধামরাই—এই তিন থানা আওয়ামী লীগের সমাবেশ হবে। যেখানে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এমন পরিস্থিতিতে ঢাকা সাভারের ওই দিনের পরিস্থিতি কী হবে তা নিয়ে এরই মধ্যে নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেভাবে এই সমাবেশকে ঘিরে রাজধানীতে পাল্টা কর্মসূচিসহ সতর্ক পাহারা বসানোর পরিকল্পনা করছে, তাতে আলোচনা আরও ভিন্ন মাত্রা পাচ্ছে। ফলে ১০ ডিসেম্বর আসলেই ঢাকায় কী হতে যাচ্ছে, তা নিয়ে রাজনীতিতে নতুন একটা পরিস্থিতির আভাস দিচ্ছে।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রেডিও তেহরানকে বলেছেন, দলের নিয়মিত থানা সমাবেশের অংশ হিসেবেই এ সমাবেশ হবে সাভারে। এখানে কারো সমাবেশকে জবাব দিতে কোন ধরনের জমায়েত করছে না আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তবে কেউ কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দেন এই আওয়ামী লীগ নেতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এস এম আলী রেজা রেডিও তেহরানকে বলেন, সভা সমাবেশ যেকোনো রাজনৈতিক দলের অধিকার। সেখানে ক্ষমতাসীন সরকারের অসহযোগিতা থাকলে বিরোধী মতের রাজনৈতিক দল কোনোকিছুই করতে পারে না। তাই সরকারি দলকে গণতন্ত্রর মূল্যায়ন বিবেচনায় বিরোধীমতের সমাবেশ নির্বিঘ্ন করারও কিছু দায়িত্ব থাকে। সে বিষয়ে উভয় রাজনৈতিকদল নিশ্চয়ই সহনশীল আচরণ করবে এমনটা আশা এ রাজনৈতিক বিশ্লেষকের।#
পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।