বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবি: আস্থা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বিশ্লেষকের
https://parstoday.ir/bn/news/bangladesh-i116284-বাংলাদেশে_নির্বাচনী_ব্যবস্থার_সংস্কারের_দাবি_আস্থা_বৃদ্ধির_ওপর_গুরুত্বারোপ_বিশ্লেষকের
বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে বাম জোট ও বাংলাদেশ জাসদ যুগপৎ আন্দোলন করবে। সম্প্রতি তারা এ বিষয়ে ঐক্যমতে পৌছেছে। একই সাথে গণতন্ত্র মঞ্চ করেও আন্দোলন সংগ্রামের রূপরেখা নিয়ে কাজ করছে কিছু রাজনৈতিক দল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৩, ২০২২ ১৬:০০ Asia/Dhaka

বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে বাম জোট ও বাংলাদেশ জাসদ যুগপৎ আন্দোলন করবে। সম্প্রতি তারা এ বিষয়ে ঐক্যমতে পৌছেছে। একই সাথে গণতন্ত্র মঞ্চ করেও আন্দোলন সংগ্রামের রূপরেখা নিয়ে কাজ করছে কিছু রাজনৈতিক দল।

এ প্রসঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক রেডিও তেহরানকে বলেন, নির্দলীয় তদারকি সরকারের অধীন নির্বাচন, নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবি এবং দুঃশাসন-নিপীড়ন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতের এই বিপর্যয়ের দায় ক্ষমতাসীন সরকারের।

সাইফুল হক

এই যুগপৎ আন্দোলনের অন্যতম সহযোগী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি রেডিও তেহরানকে বলেন, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কোনো অবকাশ নেই। তবে শুধু সরকারের বিদায় এবং একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানই এখানে যথেষ্ট নয়। বিদ্যমান শাসনব্যবস্থাও বদলাতে হবে। এ লক্ষ্যেই তারা যুগপৎ আন্দোলনের বিষয়ে এগুচ্ছে। 

জোনায়েদ সাকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তি রেডিও তেহরানকে বলেন, একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে ভালো নির্বাচন অনুষ্ঠান করা এর একটি অঙ্গ। বিশেষ করে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে। তবে এখানকার রাজনীতিটা অনেকটাই সাংঘর্ষিক, যেখানে আস্থার সংকট প্রকট। তাই আস্থার সংকট আগে কাটাতে হবে। আর সেজন্য সব দলের সম্মিলিত সংলাপ জরুরী। যেখানে আলোচনার মাধ্যমে দেশের মঙ্গলের প্রশ্নে ঐক্যমতে পৌছা জরুরী। কারণ সবশেষে সবাই তো এ দেশেরই নাগরিক। তাই দেশের স্বার্থে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে রাজনীতিবিদদের কাজ করতে হবে। মানুষের সঙ্গে যে দল যতবেশি সম্পৃক্ততা বাড়াতে পারবে ও আস্থা সৃষ্টি করতে পারবে, তারাই তাদের রাজনৈতিক যৌক্তিক দাবি বাস্তবায়নের পথে এগিয়ে থাকবে বলেই মনে করেন এ রাজনৈতিক বিশ্লেষক।##

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।