সাঁড়াশি অভিযানের নামে বিএনপির ওপর চড়াও হতে পারে সরকার: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i11650-সাঁড়াশি_অভিযানের_নামে_বিএনপির_ওপর_চড়াও_হতে_পারে_সরকার_মির্জা_ফখরুল
বাংলাদেশে জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের নামে সরকার বিএনপির ওপর চড়াও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৬ ১২:১৬ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম
    মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশে জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের নামে সরকার বিএনপির ওপর চড়াও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে ইউপি নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভেরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন আশঙ্কার কথা জানা। এর আগে, চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন বিএনপি মহাসচিব।

আজিজুর রহমানের ওপর হামলাকারীদের বিচার দাবি করে তিনি বলেন, দেশে আজ কোথাও কোনো আইনের শাসন নেই। জীবনের নিরাপত্তা নেই। বিশেষ করে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে সহিংসতা হয়েছে, অতীতে আর কখনো তা ঘটেনি। এটা নজিরবিহীন।

মির্জা ফখরুল বলেন, এই সাঁড়াশি অভিযান তাদের সেই কৌশল, যে কৌশলের মাধ্যমে তারা জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিল। আজকে সাঁড়াশি অভিযানের অজুহাত নিয়ে তারা আবারও বিরোধীদলের ওপর চড়াও হবে বলে আশঙ্কা করছি। সাঁড়াশি অভিযানের কথা বলে এরইমধ্যে ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। ইতিমধ্যে বন্দুকযুদ্ধে নয়জন নিহত হয়েছে।

এদিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার প্রতিটি হত্যাকাণ্ডের পর বিএনপিকে দোষারোপ করছে। কিন্তু বিএনপি জঙ্গিবাদকে ঘৃণা করে। আজ (শুক্রবার) দুপরে জাতীয় প্রেসক্লাবে বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ আলীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদকে দেশের জাতীয় সমস্যা। এ সমস্যা এখন ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে কোনো হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি সরকার। তাই প্রতিটি হত্যার ঘটনায় তারা বিএনপির নাম জড়িয়ে ব্লেম গেম খেলেছে। এই ব্লেম গেম বন্ধ করে প্রকৃত দোষীদের খুজে বের করে শাস্তি দাবি করেন তিনি।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১০