যুগপৎ আন্দোলন ও বিএনপির ২৭ দফার প্রতি সমর্থন ঘোষণা
বাংলাদেশে ১২ দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ
-
১২ দলের নতুন জোট
বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২টি রাজনৈতিক দল সম্মিলিত ভাবে ১২ দলীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিলুপ্ত হওয়ার পর ১২টি দল মিলে নতুন ‘১২ দলীয় জোট’ করেছে। এই জোটের মাত্র একটি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। যদিও জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান সাবেক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহীম দাবী করেছেন তার দল বাংলাদেশ কল্যাণ পার্টি ও শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর বাংলাদেশ মুসলিম লীগ নিবন্ধিত। জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লিখিত বক্তব্যে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান ৭ দফা দাবি তুলে ধরেন। যেখানে বিএনপির দশ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকার পাশাপাশি বিএনপির ২৭ দফা রূপরেখার সঙ্গেও একাত্মতা প্রকাশ করেছে নতুন এ জোট।
১২ দলীয় এই জোটে রয়েছে- মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টি (নিবন্ধিত), মোস্তাফিজুর রহমান ইরানের বাংলাদেশ লেবার পার্টির একাংশ (অনিবন্ধিত), সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কে এম আবু তাহেরের এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন বাংলাদেশ এলডিপি, শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর বাংলাদেশ মুসলিম লীগ (অনিবন্ধিত), মুফতি মহিউদ্দিন ইকরামের জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের ইসলামী ঐক্যজোট (অনিবন্ধিত), তাসমিয়া প্রধানের জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা-নিবন্ধন বাতিল), নুরুল ইসলামের বাংলাদেশ সাম্যবাদী দল ও আবুল কাসেমের বাংলাদেশ ইসলামিক পার্টি (অনিবন্ধিত)।
জোটের অন্যতম শরীক বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান সাবেক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেছেন, আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধভাবে করার প্রয়োজনে তারা জোটবদ্ধ হয়েছেন। বিএনপির ২৭ দফার প্রতিও তাদের সমর্থনের কথা জানিয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা।#
পার্সটুডে/নির/এমএএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।