পুলিশ দিয়ে বিএনপির সমাবেশ পণ্ড করতে চেয়েছিল সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i117658-পুলিশ_দিয়ে_বিএনপির_সমাবেশ_পণ্ড_করতে_চেয়েছিল_সরকার
পুলিশ বাহিনী দিয়ে সরকার বিএনপির সমাবেশ পণ্ড করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, শিগগিরই গণঅভ্যুত্থানের মাধ্যমে এ সরকারকে বিদায় করবে জনগণ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২২ ১৩:৪৭ Asia/Dhaka
  • পুলিশ দিয়ে বিএনপির সমাবেশ পণ্ড করতে চেয়েছিল সরকার

পুলিশ বাহিনী দিয়ে সরকার বিএনপির সমাবেশ পণ্ড করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, শিগগিরই গণঅভ্যুত্থানের মাধ্যমে এ সরকারকে বিদায় করবে জনগণ।

বিএনপির চলমান আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়ে রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জনগণের বাঁধার কাছে এই নব্য স্বৈরাচার ক্ষমতায় টিকতে পারবে না। তাদের সময় শেষ। সব দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে বলে আশাবাদী এ বিএনপি নেতা।

তিনি অভিযোগ করে বলেন, ২৪ ডিসেম্বর পুলিশ সারা দেশে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে। পঞ্চগড়ে আবদুর রশিদ নামে একজনকে গুলি করে হত্যা করেছে। তবুও কিন্তু গণমিছিল ঠেকাতে পারেনি। ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল হবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মামলার আসামি না হয়েও তাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের গণসমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্বরোচিত ক্র্যাকডাউন চালিয়েছে যা স্বাধীন বাংলাদেশে কেউ চিন্তা করতে পারে না।

সরকার গায়ের জোরে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে দাবি করে মোশাররফ আরও বলেন, দ্রব্যমূল্য লাগামহীন। মধ্যবিত্তরা দরিদ্র হয়ে গেছে। সেজন্য জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।