দেশের সঙ্গে বাহিনীকেও স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে : বাংলাদেশের সেনা প্রধান
https://parstoday.ir/bn/news/bangladesh-i118082-দেশের_সঙ্গে_বাহিনীকেও_স্মার্ট_করে_গড়ে_তোলা_হচ্ছে_বাংলাদেশের_সেনা_প্রধান
বাংলাদেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকেও স্মার্ট করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি আধুনিকায়ন ও প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৩ ১৭:১০ Asia/Dhaka
  • দেশের সঙ্গে বাহিনীকেও স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে : বাংলাদেশের সেনা প্রধান

বাংলাদেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকেও স্মার্ট করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি আধুনিকায়ন ও প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ।

আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার অদূরে টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়ার "নব উদ্যোগ"র চূড়ান্ত মহড়া শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তারই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীও। স্মার্ট বাংলাদেশের সঙ্গে মিলিয়ে স্মার্ট সেনাবাহিনী হবে এটাই কাম্য। সেনাবাহিনীকে আরও স্মার্ট করার জন্য যত জায়গায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো সম্ভব হচ্ছে, সেগুলো বাড়ানো হচ্ছে। বাহিনীর টিএডিএ, বেতন কাঠামো মান্ধাতা আমলের ছিল, সেটা ডিজিটালাইজেশন করা হয়েছে। দ্রুতই এটার ফল সবাই ভোগ করবে। এভাবেই সামগ্রিক সবক্ষেত্রে 'ডিজিটালাইজেশনের যে অ্যাডভানটেজ', সেটা সেনা সদস্যরা নিচ্ছে বলে জানান বাহিনী প্রধান।

প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, শীতকালীন প্রশিক্ষণ শেষ হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি করে 'ফোর্সেস গোল ২০৩০' অর্জনের লক্ষে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চূড়ান্ত মহড়া অবলোকনের পর সেনাপ্রধান সেখানে এক সেনা সমাবেশে সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি সৈনিকদের মনোবল চাঙ্গা রাখতে নানা উপদেশমূলক কথা বলেন।

এদিকে চূড়ান্ত এ মহড়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হলো বাংলাদেশ সেনবাহিনীর তিন সপ্তাহব্যাপী পরিচালিত শীতকালীন প্রশিক্ষণ ২০২২-২০২৩ "অনুশীলন নবউদ্যোগ"। এ সময় দেলদুয়ার উপজেলার স্থানীয় উৎসুক বাসিন্দারাও বিভিন্ন নিরাপদ প্রান্ত থেকে চূড়ান্ত মহড়া অবলোকন করেন। সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন সফলভাবে এই অনুশীলন পরিচালনা করেছে। এই অনুশীলনে সাঁজোয়া বহর, এপিসির পাশাপাশি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কর্তৃক প্রতিবন্ধকতা অপসারণ এবং পদাতিক ও অন্যান্য কোরের সমন্বয়ে শত্রু অবস্থানের উপর আক্রমণ পরিচালনা করা হয়।#

 

পার্সটুডে/নিলয় রহমান/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।