খালেদা জিয়ার রাজনীতি নিয়ে সরকার পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য
রাজনীতিতে বাধা নেই বেগম খালেদা জিয়ার- আইনমন্ত্রী: সুযোগ নেই দাবি তথ্যমন্ত্রীর
-
আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি
বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে বাঁধা নেই, আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের সাথে ভিন্নমত জানিয়ে, তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, মুক্তির শর্ত অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনের রাজনীতি করার কোন সুযোগ নেই।
রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজ অডিটোরিয়মে "রোহিঙ্গা সংকট এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ" শীর্ষক সেমিনার শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়াকে যে দুটি শর্তে মুক্তি দেয়া হয়, সেখানে রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ছিল না। এদিকে, সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার কোন সুযোগ নেই।
নির্বাহী আদেশে দণ্ড স্থগিত থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই- কৃষিমন্ত্রী ও আইনমন্ত্রীর এমন বক্তব্যের বিপরীত এভাবেই কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, (দণ্ড স্থগিতের) শর্ত অনুযায়ী খালেদা রাজনীতি করতে পারবেন না।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন। এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি দুই বছরের বেশি শাস্তিপ্রাপ্ত হন তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া দুই বছরের অনেক বেশি দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তার তো নির্বাচন করার প্রশ্নই আসে না।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।