বিস্ফোরণের কারণ জানতে চলছে পরীক্ষা: স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের নজরদারীর অভাবকে দুষছেন মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i120486-বিস্ফোরণের_কারণ_জানতে_চলছে_পরীক্ষা_স্বরাষ্ট্রমন্ত্রী_সরকারের_নজরদারীর_অভাবকে_দুষছেন_মির্জা_ফখরুল
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান সিদ্দিকবাজার এলাকার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত অর্ধশতাধিক ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭তলা ভবনটি, ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০২৩ ১৪:৫৪ Asia/Dhaka
  • বিস্ফোরণের কারণ জানতে চলছে পরীক্ষা: স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের নজরদারীর অভাবকে দুষছেন মির্জা ফখরুল

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান সিদ্দিকবাজার এলাকার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত অর্ধশতাধিক ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭তলা ভবনটি, ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে।

তবে বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়ে কিংবা ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে কেউ যেন এ ধরনের ভবন নির্মাণ না করেন। সবকিছু মেনে ভবন নির্মাণ করলে এ ধরনের দুর্ঘটনা কমে যেত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় সেখানে সেপটিক ট্যাংক কিংবা গ্যাস লিকেজ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, নিখোঁজ স্বজনদের খোঁজে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন স্বজনরা।

মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে ঘটনায়, এখনো হারানো স্বজনদের খুঁজে ফিরছেন নিকট আত্মীয়রা।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, এটি স্বাভাবিক কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা নাকি অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড সেটা তদন্তের প্রয়োজন আছে। আর গুলিস্তানের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের ঘটনা স্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেছেন, তদন্ত করে এর মূল রহস্য উদঘাটন অবশ্যই করতে হবে। নইলে এর বিরূপ প্রভাব পড়বে দেশের বিভিন্ন সেক্টরে।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের নজরদারীর অভাব আর দুর্নীতির কারণেই, বারবার  বিস্ফোরণের ঘটনা ঘটছে। সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বিশ্ব নারী দিবস উপলক্ষে, মহিলা দল আয়োজিত র‍্যালীতে অংশ নিয়ে, তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে ঢাকা মহানগর বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে।

আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গুলিস্তান, সীতাকুণ্ড ও রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তা বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে সরকার।

দগ্ধ ও আহতদের সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন।

এদিকে, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায়, মঙ্গলবার বিকেল পর্যন্ত ১৬ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।