বিএনপিকে রাজনীতির মাঠের বাইরে নিতে চক্রান্তে লিপ্ত সরকার, ব্যবহার করছে দুদককে ফখরুল
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার তাদের বিভিন্ন চক্রান্তের হাতিয়ার হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদককে) ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চক্রান্ত শুরু করেছে সরকার। যেখানে চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের প্রতিহিংসাপরায়ন। যার কারনে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতির শিকার বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিব আরো অভিযোগ করে বলেন, ১/১১-এর জরুরি অবস্থার ধারাবাহিকতায় ২০০৮ সালের জরুরি অবস্থার সরকারের হাত ধরে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপরে তারা নিজেদের মামলাগুলো বিভিন্ন উপায়ে স্থগিত বা প্রত্যাহার করেছে। কিন্তু খালেদা জিয়া, তারেক রহমান, ডা. জোবাইদা রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে ১/১১ সরকারের দায়ের করা মামলাগুলো অব্যাহত রেখে সেগুলো ফরমায়েশি রায় দিয়ে তাদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছে। যা আজও যা অব্যাহত রেখেছে সরকার। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।