মহাসড়কে দুর্ঘটনা
ঢাকা-মাওয়া সড়কে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪; দিনাজপুরেও প্রাণহানি
-
ঢাকা-মাওয়া সড়কে বিকল ট্রাকে বাসের ধাক্কা
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা চার। তবে আহতদের মধে তিন জনের অবস্থা শঙ্কটাপন্ন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় সড়কের পাশে রাখা একটি বিকল ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বিকল ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী সখিপুরের বাসিন্দা সুমন গণমাধ্যমকে বলেছেন, বাসটি হাইওয়েতে ওঠার পর ড্রাইভার গতিসীমা লঙ্ঘন করায় দুর্ঘটনায় পড়েছেন তারা।
নিহতরা হলেন, শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার লেকুরিয়া গ্রামের হাবিবের ছেলে সাইফুল (৩৫), একই জেলার সখিপুর থানার নূর মোহাম্মদের স্ত্রী হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের শাহজাহান কাজির ছেলে আরিফ কাজী, একই থানার ঢালী কান্দি গ্রামের বাসিন্দা মো. হাবিব লাকুরিয়ার ছেলে নিহত সাইফুল ইসলাম লাকুরিয়া (৩৫)। এছাড়া নিহত আরিফ কাজী শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের শাহজাহান কাজীর ছেলে। বাকি ৫ জন নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, বিউটি (২৫),তাহিরা (১৫) প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান। আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাপা (১০), মারিয়া, সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশেদ (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯), আরিফ (২৭) এখনো চিকিৎসাধীন আছেন।
মুন্সীগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, সড়কের পাশে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। আহত-নিহতদের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার পোদ্দার গনমাধ্যমকে বলেছেন, সখিপুরের নিহত একজনের সঙ্গে একটা মেয়ে ছিল। তার মাথায় আঘাত ছিল। কিন্তু পরিবারের অন্য একজন স্বজন মারা যাওয়ায় তারা চিকিৎসা না নিয়েই হাসপাতাল ত্যাগ করেছেন।
এদিকে, দিনাজপুরের চিরিরবন্দরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের ৪ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন, আরও ৩ জন। সকালে চিরির বন্দরের আমবাড়ি উচিতপুরে বাসের ধাক্কায় সিএনজির যাত্রী মাসহ চারজন মারা যান।
অন্যদিকে, বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রী সুশান্ত সমদ্দার নামে এক জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, সকালে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।