দেশে নয়, দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে: মন্তব্য ওবায়দুল কাদেরের 
https://parstoday.ir/bn/news/bangladesh-i122316-দেশে_নয়_দুর্ভিক্ষ_চলছে_বিএনপির_রাজনীতিতে_মন্তব্য_ওবায়দুল_কাদেরের
বাংলাদেশের মানুষ যখন সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উদযাপন করছে, তখন মির্জা ফখরুল মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বয়ানের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০২৩ ১৪:০৬ Asia/Dhaka
  • দেশে নয়, দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে: মন্তব্য ওবায়দুল কাদেরের 

বাংলাদেশের মানুষ যখন সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উদযাপন করছে, তখন মির্জা ফখরুল মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বয়ানের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে, জাতিকে দুর্ভিক্ষের দুঃস্বপ্ন দেখানোর অপচেষ্টা করছে বিএনপি। কাদের প্রশ্ন তুলে বলেন, খাদ্যের অভাবে দেশে কেউ মারা গেছেন, এমন কোনো সুনির্দিষ্ট তালিকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিতে পারবেন? মিথ্যা অপপ্রচার করে দেশে নৈরাজ্য সৃষ্টিতে মির্জা ফখরুল উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেন, ওবায়দুল কাদের।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, দেশের ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। শহর থেকে মানুষ গ্রামে যাচ্ছে, যার ফলে গ্রামীণ অর্থনীতি চাঙা হচ্ছে। সাধারণ মানুষ যে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে তা মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয়। মানুষ যে আবেগ-উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করছে তা সবসময়ই বিএনপির গাত্রদাহ। 

দেশের অর্থনীতি নিয়ে সরকার কখনোই মিথ্যা তথ্য দেয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্বব্যাংক, এডিবি, ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এসব তথ্য আমলে না নিয়ে তারা প্রতিদিন মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট বক্তব্য দিয়েই যাচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। বিবৃতিতে বলা হয়, দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে। তাদের রাজনীতিতে গণবিচ্ছিন্নতার দুর্ভিক্ষ রয়েছে বলেই তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে অক্ষম। #

পার্সটুডে/বাদশা রহমান/ গাজী আবদুর রশীদ/২৩