আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ, কেউ বানচাল করতে এলে প্রতিহতের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের
https://parstoday.ir/bn/news/bangladesh-i122510-আগামী_নির্বাচন_হবে_শান্তিপূর্ণ_কেউ_বানচাল_করতে_এলে_প্রতিহতের_হুঁশিয়ারি_ওবায়দুল_কাদেরের
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত। তাই অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচনে সবার অংশগ্রহনের আহবান জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৮, ২০২৩ ১২:৫০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত। তাই অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচনে সবার অংশগ্রহনের আহবান জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন যারা বানচাল করতে আসবে, বাঁধা দিতে আসবে  তাদেরকেই প্রতিহত করা হবে।

বিএনপির আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করতে যাচ্ছে না আওয়ামীলীগ। বিএনপি কখনো দ্রুত, কখনো ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণঅভ্যুত্থান করছে। এজন্য অপরাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষা করার জন্যে আওয়ামীলীগ শান্তি সমাবেশ করছে। জনগণের প্রয়োজনে তারা শান্তির ডাক দেন বলে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হত্যা, যড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে বলেও তার দলের প্রতিজ্ঞার কথা জানান ওবায়দুল কাদের। 

এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মেধাবী তরুণ শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শেখ জামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঘাতকদের হাতে নিহত হন। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।