জান্নাতুল বাকি ধ্বংসের শতবার্ষিকী: সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে মিরপুরবাসীর প্রতিবাদ
ওয়াহাবি মতাদর্শে উদ্বুদ্ধ সৌদি রাজতন্ত্র কর্তৃক ১৩৪৪ হিজরির ৮ শাওয়াল পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে বুলডোজার চালিয়ে নবীকন্যা ফাতিমা যাহরার (সালামুল্লাহি আলাইহা) রওজাসহ বহু সাহাবীর কবর ধ্বংসের একশ বছর স্মরণে বাংলাদেশের রাজধানীর মিরপুর-১১ তে শোকসভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) বিকাল ৫টায় 'সোগওয়ারান-এ-ফাতিমা (সা. আ.)'-এর ব্যানারে লালমাটি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মিরপুর-১১ এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে শোকার্ত মুসলিমরা জান্নাতুল বাকী পুনঃনির্মাণের দাবি জানিয়ে ব্যানার ও প্ল্যাকার্ড সহকারে মানববন্ধন তৈরি করে।

এর আগে বিকাল ৪টায় হাজারো মুসল্লির অংশগ্রহণে লালমাটির কারবালা মারকাযি ইমামবারগাহে একটি শোকসভা অনুষ্ঠিত হয়।

'সোগওয়ারান-এ-ফাতিমা (সা. আ.)' এর আহ্বায়ক মাওলানা সাইয়্যেদ আফতাব হোসাইন নাকভীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, হুজ্জাতুল ইসলাম শাহাবুদ্দিন মাশায়েখি, মাওলানা হাবিব রেযা হোসাইনি, মাওলানা হাশেম আব্বাস, মাওলানা আশরাফুল আলম, মাওলানা আমজাদ হোসাইন, ইকবাল হোসাইন রিজভী, নওহাখান পারভেজ রেযা, আলিম হোসাইন রিজভী, গাজী গোলাম কাদির-সহ শিয়া ও সুন্নি আলেম ও সংগঠকবৃন্দ।
বক্তারা জান্নাতুল বাকী পুনঃনির্মাণের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ায় আহ্বান জানিয়ে বলেন, "ফাতিমা যাহরা (সা. আ.)-এর শানে বেয়াদবির প্রতিবাদ করা সকল মুমিন মুসলমানের কর্তব্য। আমাদের ভাবতে হবে, যারা জান্নাতের সম্রাজ্ঞীর রওজায় বুলডোজার চালিয়েছে, তারা কোন্ জান্নাতের কথা বলে? ইহুদিরাও এমন ঘৃণ্য অপকর্ম করার দুঃসাহস দেখাতে পারেনি। অথচ উম্মাহ ১০০ বছর ধরে নিশ্চুপ। নবীকন্যার রওজায় বুলডোজার চালানো এবং ইমাম হুসাইনের গলায় ছুরি চালানো -একই সূত্রে গাঁথা নির্মম ইতিহাস।

১৯২৬ সালের এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা যখন পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ নিষ্পাপ উত্তরসূরির পবিত্র মাজার জিয়ারত করছিলেন তখন ওয়াহাবি দুর্বৃত্তরা সেখানে ভাঙ্গচুর ও লুটপাট অভিযান চালায় এবং ওই নিষ্পাপ ইমামদের পবিত্র মাজারের সুদৃশ্য স্থাপনা ও গম্বুজগুলো মাটির সঙ্গে গুড়িয়ে দেয়। এরপর বর্বর ও ধর্মান্ধ ওয়াহাবিরা আরো কয়েকটি পবিত্র মাজারের অবমাননা করে এবং এইসব মাজারের গম্বুজ ও স্থাপনাগুলো ভেঙ্গে-চুরে ইসলাম অবমাননার ন্যক্কারজনক তাণ্ডব চালায়। এইসব মাজার ছিল বিশ্বনবী (সা.)'র ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন,সাহাবি, স্ত্রী, বংশধর ও খ্যাতনামা আলেমদের।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮