খালেদা জিয়াকে আবারো কারাগারে পাঠানোর নতুন চক্রান্ত করছে সরকার: মির্জা ফখরুল
-
মির্জা ফখরুল
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নতুন কায়দায় আবারো বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর জন্য চক্রান্ত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্যই বেগম জিয়ার শারিরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে নানা বাহানা শুনিয়ে তার চিকিৎসায় গাফেলতি করছে সরকার।
এদিকে, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনে জনগণের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার এই আইনের সুযোগ নিয়ে বিরোধী দলের নেতা-কর্মী, সংবাদকর্মী ও সাধারণ নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে। আওয়ামীলীগের ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষে এই নিবর্তনমূলক আইনকে সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ মন্ত্রিসভায় অনুমোদন করে সংসদে পেশ করা হয়েছে। শিগগিরই তা আইনে পরিণত করার প্রক্রিয়া চলছে। কিন্তু প্রস্তাবিত আইন নানা কারণে বিতর্কিত, অগণতান্ত্রিক, শ্রমিক ও পেশাজীবীদের স্বার্থবিরোধী, একতরফা, নিবর্তনমূলক এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির স্পষ্ট বরখেলাপ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ বিলের বিষয়ে দলের স্থায়ী কমিটির সভায় আলোচনা উত্থাপন করেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এদিকে, বিএনপি লিয়াঁজো কমিটির বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অচিরেই যুগপথ আন্দোলন আরও শক্তিশালী করতে দফায় দফায় বৈঠক করছে বিএনপি। সময় হলে কঠোর কমসুচীর ঘোষণা দিবে দলটি ।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।