রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশজুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দেশজুড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
রোববার বিকেলে ঢাকায় এক সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন থেকে হবে প্রতিবাদ সমাবেশ, আর কোন শান্তি সমাবেশ নয়। ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা আজ দেশের বিভিন্ন মহানগর, বিভাগ, জেলা ও উপজেলায় পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে। আর হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল বা দলের নেতারা এ ধরনের বক্তব্য দিতে পারে না। অনেকে বিষয়টিকে ভিন্নভাবে কিংবা অপব্যাখ্যা করতে পারে বলেও মনে করেন তিনি। তবে বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে দেশের যেকোনো সমস্যা সমাধান সম্ভব হতে পারে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি অধ্যাপক অপু উকিল বলেন, বিএনপি যে হত্যার রাজনীতিতে বিশ্বাসী তারই প্রমাণ আবারো দিল রাজশাহীর সমাবেশে। এটা কোনোভাবেই সভ্য দুনিয়ায় মেনে নেয়া যায় না। গুম-খুনের বিভিন্ন অভিযোগ তুলে বিএনপির অপরাজনীতি বন্ধ করার আহ্বান জানান অপু উকিল। তবে এই হত্যার হুমকি আর এরপরপর দেশে জুড়ে বিভিন্ন প্রতিবাদ বিক্ষোভের মধ্য দিয়ে দেশের রাজনীতির মাঠ আবারো উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ। খানিকটা উদ্বিগ্নও তারা।
এ বিষয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সাথে হত্যার হুমকির অভিযোগ তুলে রাজনীতির মাঠ গরম হয়ে ওঠাকেও আগামী নির্বাচনমুখী চঞ্চলতার ইঙ্গিত মনে করছেন এ বাম নেতা। তবে দেশের মানুষ ও সার্বিক উন্নয়নের স্বার্থে এখনো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসা জরুরি বলেই মনে করেন কমরেড সাইফুল হক।#
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।