দু’সপ্তাহে বিদ্যুৎ সমস্যা ঠিক না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনা মন্ত্রী
তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আসা শুরু; মোংলায় চীনা জাহাজ
বাংলাদেশের মোংলা বন্দরে কয়লা নিয়ে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ ‘এমভি জে হ্যায়’। ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি আজ শনিবার ভোর ৫টায় বন্দরের হাড়বাড়ীয়া-১১ নম্বর বয়ায় ভিড়েছে।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা এ কয়লা সকাল থেকেই খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে। জাহাজ থেকে খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে। তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ করা হয় কেন্দ্রটির শেডে ও গোডাউনে।
এ সম্পর্কে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ২৬ হাজার ৬শ’ ২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে জাহাজটি গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় পৌঁছায়। সেখান থেকে জাহাজটি শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। এরপর সকাল থেকেই শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহনের কাজ। খালাস কয়লা ছোট নৌযানে (লাইটারেজ) করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।
তিনি আরও জানান, এর আগে গত ১৬ মে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন এবং ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫শ মেট্রিক টন কয়লা মোংলা বন্দর হয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এসেছিল।
এদিকে, কয়লা সংকটের কারণে ৫ জুন পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ৯ জুন চট্টগ্রামের বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলায় ভিড়লো জাহাজটি।
এদিকে, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি নিয়ে কাজ করছে সরকার। ভারতের আদানি থেকে বিদ্যুৎ আসছে, কয়লাও জাহাজে আছে, মংলা বন্দরে জাহাজ ভিড়ছে। অতএব আগামী দু'সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। আর তা না হলে সবাইকে ক্ষমা করে দেয়ার অনুরোধ জানান তিনি।
আজ শনিবার সকালে সুনামগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠানে হাওরে আগাম বন্যারোধে শীর্ষক করণীয় গোল টেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।