ঢাকায় ২৪ ঘন্টায় কোরবানীর বর্জ্য অপসারণে তৎপর দুই সিটি কর্পোরেশন
https://parstoday.ir/bn/news/bangladesh-i124946-ঢাকায়_২৪_ঘন্টায়_কোরবানীর_বর্জ্য_অপসারণে_তৎপর_দুই_সিটি_কর্পোরেশন
বাংলাদেশের রাজধানী ঢাকার কোরবানীর বর্জ্য অপসারণে তরিৎ ব্যবস্থা নিয়েছে দুই সিটি কর্পোরেশন। এজন্য মাঠ পর্যায়ের প্রস্তুতির বাইরে নগরবাসীর সহায়তা চেয়েছেন দুই মেয়র।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৯, ২০২৩ ১৪:০৪ Asia/Dhaka
  • ঢাকায় ২৪ ঘন্টায় কোরবানীর বর্জ্য অপসারণে তৎপর দুই সিটি কর্পোরেশন

বাংলাদেশের রাজধানী ঢাকার কোরবানীর বর্জ্য অপসারণে তরিৎ ব্যবস্থা নিয়েছে দুই সিটি কর্পোরেশন। এজন্য মাঠ পর্যায়ের প্রস্তুতির বাইরে নগরবাসীর সহায়তা চেয়েছেন দুই মেয়র।

ঈদুল আজহার প্রথম তিন দিন পশু কোরবানি করার নিয়ম থাকলেও সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণের জন্য প্রথম দুই দিনে কোরবানি শেষ করার অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, দুই দিনের মধ্যে যেন পশু জবাইয়ের কাজ শেষ করা হয় এবং কোনোভাবেই যেন তৃতীয় দিন পর্যন্ত এটা না নেওয়া হয় সে বিষয়ে সবার কাছে অনুরোধ করেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মেয়র তাপস এসব কথা বলেন।

গতবছরের তুলনায় এবার বর্জ্য অপসারণে আরও বেশি সুফল পাবে নগরবাসী। এমন আশা ব্যক্ত করে মেয়র তাপস বলেন, কোরবানির ঈদ তথা ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে আমাদের দুই সিটির ব্যাপক কর্মযজ্ঞ থাকে। সব প্রস্তুতিই সম্পন্ন করেছি। আমাদের সাড়ে তিনশর ওপর যান-যন্ত্রপাতি নিয়োজিত আছে। বিভিন্ন বহির্বিভাগ থেকেও গাড়ি এবং যান-যন্ত্রপাতি এনেছি।  আর একাজে মাঠে থাকবে প্রায় ১০ হাজার জনবল। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ইতোমধ্যে নিয়ন্ত্রণ কার্যক্রম আরম্ভ হয়েছে। এবারও ২৪ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবে বলে আশা করেন মেয়র তাপস।

এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, নগরবাসির সচেতনতা জরুরী, তারা যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলেন। আর কোরবানীর পশু বর্জ্য অপসারণ করতেও এলাকাবাসীর সাহায্য চান উত্তর সিটি মেয়র। #

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।