সরকারের অধীনে নির্বাচন নয়-ইইউকে বিএনপি; সংবিধানের ভিত্তিতেই নির্বাচন-কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i125576-সরকারের_অধীনে_নির্বাচন_নয়_ইইউকে_বিএনপি_সংবিধানের_ভিত্তিতেই_নির্বাচন_কাদের
দুই সপ্তাহের সফরে থাকা ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন শ্রেনী পেশাজীবী সংগঠন ও সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার প্রধান দুই রাজনৈতিক দল, আওয়ামীলীগ ও বিএনপির সঙ্গে আলাদা বৈঠক করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৫, ২০২৩ ১৪:২৬ Asia/Dhaka

দুই সপ্তাহের সফরে থাকা ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন শ্রেনী পেশাজীবী সংগঠন ও সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার প্রধান দুই রাজনৈতিক দল, আওয়ামীলীগ ও বিএনপির সঙ্গে আলাদা বৈঠক করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা।

আজ (শনিবার) সকালে বিএনপির সঙ্গে বৈঠকে বসেন গুলশানে। সেখানে অত্যন্ত খোলামেলা আলোচনা হয়। বিএনপি নেতারা তাদের দলীয় অবস্থান তুলে ধরেন। নেতারা ইইউ প্রতিনিধি দলকে  জানান,বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যায় নি বিএনপি, আগামীতেও যাবে না।

বৈঠক শেষে, সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেই কারণে বিদেশিরা নানা তৎপরতা চালাচ্ছে।

এদিকে, দুপুরে, রাজধানী বনানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান সেলোরি রিকার্ডোর নেতৃত্বে আরও চারজন বৈঠকে অংশে নেন। পরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, ইইউ প্রতিনিধিরা বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন। আওয়ামী লীগও তাদেরকে জানিয়েছে সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর, এটিই আওয়ামী লীগের কমিটমেন্ট। বাংলাদেশের সংবিধানের ওপর ভিত্তি করে সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের আরও বলেন, সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না। সংবিধানের বর্তমান কাঠামো অবিকৃত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সেটিই জানানো হয়েছে।সংলাপ নিয়ে ইইউ প্রতিনিধি দল কোনো কথা বলেনি, বলেও জানান ওবায়দুল কাদের।#

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।