উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মহামারিতে রুপ নেয়ার আশংকা
https://parstoday.ir/bn/news/bangladesh-i125752-উদ্বেগজনক_হারে_বাড়ছে_ডেঙ্গুর_প্রকোপ_মহামারিতে_রুপ_নেয়ার_আশংকা
বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মশা বাহিত এই রোগটির বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ১২৭ জন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জুলাই ১৯, ২০২৩ ১৬:৪৯ Asia/Dhaka

বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মশা বাহিত এই রোগটির বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ১২৭ জন।

পরিসংখ্যান বলছে, এবার ১৮৯ জন রোগীর বিপরীতে একজন করে মারা যাচ্ছেন। যা মৃত্যুহারের হিসেবে শূন্য দশমিক ৫৩ শতাংশ। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগির চাপ বাড়ছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে জ্বরের পাশাপাশি নতুন নতুন উপসর্গও দেখা যাচ্ছে। ঢাকাসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ ক্রমেই ভয়াবহতায় রূপ নিচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন, অসংখ্য ডেঙ্গু আক্রান্ত রোগী। 

হাসপাতালগুলোর শয্যায় জায়গা না পেয়ে, অনেকে মেঝেতে থেকেই নিচ্ছেন ডেঙ্গুর চিকিৎসা। এবছর জ্বরের পাশাপাশি নানান উপসর্গের লক্ষণ দেখা দিচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। রোগী ও স্বজনরা চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।  

ঢাকার মুগদা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. নিয়াতুজ্জামান বলেছেন,ডেঙ্গুতে মৃত্যু হওয়া বেশীরভাগ রোগীই সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে আসা। তাই জ্বর-পাতলা পায়খানা শরীর দুর্বল লাগলেই ডেঙ্গু টেস্ট করানোর পরামর্শ চিকিৎসকদের। বিগত বছরগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এত মৃত্যু দেখেনি দেশ। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। কারণ এক সময় ডেঙ্গু রোগটি মৌসুমি রোগ বলে মনে করা হলেও গত দুই বছর ধরে সেখানে ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে গত বছর এবং এই বছরের মধ্যে ডেঙ্গুর বিস্তারে আসলে কোন বিরতি ছিল না। বিশেষ করে শহর এলাকায় এই অবস্থার সবচেয়ে বেশি খারাপ হয়েছে।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে থাকায় গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় সব হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্নার স্থাপন করা হবে। গত কয়েকদিন ধরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে বেড়াচ্ছেন সব জায়গায় ডেঙ্গু কর্নার করা হয়েছে। কিন্তু বাস্তবে তা হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই এখনো ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়নি। চালু করার কোনো উদ্যোগও নেই। সেখানে মেডিসিন ওয়ার্ডের অন্য রোগীদের সঙ্গেই ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে নানারকম ভোগান্তির শিকার হচ্ছেন ডেঙ্গুরোগীসহ সব ধরনের রোগীরা।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।