'জনগণ নিজের ক্ষমতা ফিরে পেয়েছে'
অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করেছে বিচার বিভাগ: হাসিনা
বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করে দিয়েছে বিচার বিভাগ। ফলে জনগণ তার নিজের ক্ষমতা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সকালে ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্মৃতি চিরঞ্জীব স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এ কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর হত্যার বিচার করে দেশের জনগণকে কলঙ্কমুক্ত করায়, বিচারকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এখন আর কেউ জনগণের অধিকার নিয়ে খেলতে পারবে না।১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট উদ্বোধনের দিন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্থানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, সেই স্থানকে স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছে স্মারক সৌধ। সকালে সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত, এই স্মৃতি চিরঞ্জীব স্মারক সৌধ উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হত্যার বিচারের স্মৃতি তুলে ধরে বলেন, বর্তমান সরকার মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। তাই বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে বলে দাবী করেন তিনি।
সংবিধান সংশোধন কোরে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ হওয়ায়, জনগণ তার নিজের ক্ষমতা ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন, প্রধানমন্ত্রী।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আইন পেশায় বিশ্বমানের সেবা নিশ্চিত করতে,আইন বিশ্ববিদ্যালয় করে দেয়ারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/বাদশাহ রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।