আওয়ামীলীগ সংবিধান সংশোধন করায় দেশে সংকটের সৃষ্টি: নজরুল ইসলাম খান
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র, অভিযোগ দিলীপ বড়ুয়ার
-
দিলীপ বড়ুয়া
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বলে অভিযোগ করেছেন ১৪ দল নেতা ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। আজ শনিবার জাতীয় প্রেসকাবে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
১৪ দল নেতারা অভিযোগ করে বলেন, দেশের বিরুদ্ধে আন্দোলন করছে বিএনপি। দেশকে ও দেশের মানুষকে বিপদে ফেলতে কাজ করছে দলটি। তবে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, সংবিধানের আলোকে নির্বাচনে গেলে, যেকোন শর্ত মানতে রাজি আওয়ামী লীগ।
তিনি বলেন, বিএনপি সংবিধানকে পরিবর্তন করে দেশকে আবারো পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চায়। কারন তারা সরকারের বিরুদ্ধে নয়, আন্দোলন করছে দেশের বিরুদ্ধে। এসময় মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন নিয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন ১৪ দল নেতা বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে বলেই দেশে নির্বাচন নিয়ে এতো সংকট তৈরী হয়েছে। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে গণতান্ত্রিক সংকট শিরোনামে এক আলোচনা সভায় এ মক্তব্য করেন।
নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগী বলা হলেও আসল সুবিধাভোগী আওয়ামী লীগের তৎকালীন নেতারা। তৎকালীন সেনাপ্রধান ও আওয়ামী লীগের নেতারা মোস্তাক সরকারের সাথে একজোট হয়ে কাজ করেছিলেন। বর্তমান সরকার সব ধরণের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে দাবি করে এ বিএনপি নেতা বলেন, সরকার পতনের একদফায় মানুষের বিপুলভাবে সাড়া দিচ্ছে। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।