সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক বিএনপির, প্রতিক্রিয়া বিভিন্ন মহলের
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীনদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এখন কাঁদা ছোড়াছুড়ি ও দলাদলির সময় নয়। দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন জরুরি।’
দেশের মানুষ ভালো নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা সমগ্র জাতিকে স্তম্ভিত ও আতঙ্কিত করেছে।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, বেগম জিয়ার এ আহ্বান দেশের মানুষকে আশাবাদী করে তুলেছে। আন্তর্জাতিক পর্যায়েও দেশনেত্রীর এ বক্তব্য গ্রহণযোগ্য হয়েছে।”
তিনি দাবি করে বলেন, “সরকারকেই এ জাতীয় ঐক্য সৃষ্টির উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ, তারা ক্ষমতায় রয়েছে। সুতরাং দায়িত্বটা তাদেরই বেশী। গুলশানের রেস্টুরেন্টে হামলায় প্রাণহানির দায়িত্বও তাদের। কারণ, তাদের ব্যর্থতার কারণেই এ ভয়াবহ অমানবিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।”
সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্যের গুরুত্ব উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রেডিও তেহরানকে বলেন, সরকার যেহেতু পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে তাই রাষ্ট্রপতি এ ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সংকট সমাধানের পদক্ষেপ গ্রহন করতে পারেন।
এ প্রসঙ্গে সাংবিধানিক অধিকার ফোরামের সদস্য সচিব ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট-এর সাবেক ট্রাস্টি সুরঞ্জন ঘোষ বলেন, সন্ত্রাসের বিশ্বব্যাপী উত্থানের বিপরীতে ব্যাপক সামাজিক গণজাগরণ তৈরি করা জরুরি।
সন্ত্রাসের বিরুদ্ধে বেগম জিয়ার জাতীয় ঐক্যের আহবান প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরিয়তপুর-২ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক রেডিও তেহরানকে বলেন, বিএনপি যেহেতু নিজেই জঙ্গিপনার সাথে যুক্ত তাই তাকে নিয়ে আলোচনা করা যায় না।
এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের সাথে সম্পর্ক ছাড়লে তবেই বিএনপি’র সাথে আলোচনায় বসা যায়।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা আশা করেছিলাম, দেশনেত্রীর বক্তব্যর পরে সরকারি দলের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, সরকারি দলের উচ্চ পর্যায়ের কিছু নেতা ভিন্নভাবে বিষয়টিকে ব্যাখ্যা করছেন, শর্ত জুড়ে দিচ্ছেন। এখানে শর্ত দেয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না। কারণ, দেশের বর্তমান পরিস্থিতিতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ যে ভয়াবহ দানব জেগে উঠেছে দেশ ও মানুষের স্বার্থে সেটিকে পরাভূত করতে হবে।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫