উন্নয়ন চায় না বলেই বিএনপি রামপাল প্রকল্পের বিরোধিতা করছে: নাসিম
-
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
দেশের উন্নয়ন চায় না বলেই বিএনপি রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ (বৃহস্পতিবার) দুপুরে কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজন। আর তাই রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। এতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। এ বন রক্ষায় সরকারের চেয়ে কারো দরদ বেশি নয় বলেও জানান তিনি।
এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মন্তব্য করেছেন, বিএনপি-জামায়াত যেকোনো মূল্যে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নার সমালোচনা করে হানিফ বলেন, “বিএনপি তো কান্নার দল না। তারা নিজেরা কাঁদে না, অন্যকে কাঁদায়। হত্যা, নির্যাতন করে দেশের মানুষের মধ্যে এক ধরনের অস্থিতিশীল অবস্থায় রাখে। অতীতে এমন রেকর্ড কম নয়। সুতরাং হত্যা ও নির্যাতনকারীদের চোখে এমন অশ্রু মানায় না।”
বঙ্গবন্ধু হত্যার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, “৭৫ সালের ১৫ আগস্ট কি কারণে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল তার কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা দরকার। ভবিষ্যত প্রজন্মের কাছে জাতির পিতা হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার।”
অন্যদিক, পাশ্চাত্যের ‘হোলোকাস্ট ডিনায়াল বা জেনোসাইড ডিনায়াল ল’ এর আদলে বাংলাদেশে ’৭১ এর গণহত্যা, জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধসহ জাতীয় আন্দোলন সংগ্রামের ইতিহাস অস্বীকার বা বিকৃতির বিরুদ্ধে আইন করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এর আহ্বায়ক ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ সকালে রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ‘ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৬’ এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন হওয়ায় সরকারকে ধন্যবাদ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৫