এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল বাছাইপর্ব: আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইরানের মেয়েরা
-
(বামে) ইরান ও বাংলাদেশের অধিনায়ক (ডানে) বাংলাদেশের কোচ ও অধিনায়ক
এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইরান।
আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই বছর আগে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠেছিল ইরান। সেবার ইরানের কাছে ফাইনালে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। কিন্তু এবার বাংলাদেশ জিততে চায়।
বাফুফে ভবনে কাল ছয় দলের ধারাবাহিক সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘শক্তিশালী ইরানের সঙ্গে খেলতে উন্মুখ আমাদের মেয়েরা। কালকের (আজ) ম্যাচটা দারুণ উপভোগ্য হবে। আমরা জয়ের লক্ষ্যেই খেলতে নামব এবং আশা করি জিতে মাঠ ছাড়ব।’
তিনি আরও , ‘আমাদের বড় বাধা ইরান। এই হার্ডলস পার হতে পারলে মেয়েদের উৎসাহ বেড়ে যাবে, পরের রাউন্ডে ওঠাটাও সহজ হবে।’ চার গ্রুপের চার চ্যাম্পিয়ন দল আগামী বছর থাইল্যান্ডে খেলবে চূড়ান্ত পর্বে।
বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার, ‘মাঠে আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জয় নিয়েই বের হতে পারব। ইরান শক্তিশালী দল, কিন্তু ওদের দেখে ভয় পাওয়ার কিছু নেই।’
সংবাদ সম্মেলনে ইরানের কোচ সাদি মাহিনি বলেন, ‘আমরা সব সময় জিততে পছন্দ করি। আমরা এর আগে গতবছর ঢাকায় এসে শিরোপা জয় করেছি। এবারও আমাদের লক্ষ্য অভিন্ন। যদিও কাজটি সহজ হবে না। কারণ বাংলাদেশ নিজ মাঠে কঠিন প্রতিপক্ষ। গ্রুপে রয়েছে শক্তিশালী চাইনিজ তাইপেও। তবে আমরা সেরা নৈপুণ্য দিয়েই গ্রুপের শীর্ষস্থান অর্জন করতে চাই।’
এর আগে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ইরানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গত বছর নেপালে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের আঞ্চলিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের বেশির ভাগ ফুটবলারকে নিয়েই গড়া এবারের অনূর্ধ্ব-১৬ দলটি। ফলে ছয় দলের এই পর্বে অন্যতম ফেবারিট ভাবা হচ্ছে বাংলাদেশ। তবে, ইরানের মেয়েরাও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্ত পর্বে ওঠার বড় দাবিদার।
চীনা তাইপেও খারাপ দল নয়। বাংলাদেশে আসার আগে জাপানের বয়সভিত্তিক দলের সঙ্গে খেলেছে প্রস্তুতি ম্যাচ। সংবাদ সম্মেলনে চীনা তাইপের কোচ কাও সাই-হু বললেন, ‘আমাদের লক্ষ্য জেতা এবং থাইল্যান্ডে মূল আসরে খেলা।’
ছয় দলের মধ্যে বাকি তিন দল কিরগিজস্তান, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত তেমন উচ্চাকাঙ্ক্ষী নয়। অভিজ্ঞতা অর্জনই তাদের প্রধান লক্ষ্য।
অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বাছাই পর্বে চার গ্রুপে মোট ২৩টি টিম খেলবে। ২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এবং ইরান রয়েছে সি-গ্রুপে। এই গ্রুপের অন্যান্য প্রতিযোগী দেশের মধ্যে রয়েছে সিঙ্গাপুর, কিরঘিজিস্তান, আরব-আমিরাত এবং তাইওয়ান।
আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা। গতবারের চার সেমিফাইনালিস্ট চীন, জাপান, কোরিয়া ও থাইল্যান্ড সরাসরি খেলবে চূড়ান্ত পর্বে। আর বাছাই পর্বে খেলা ২৪টি দল খেলছে চার গ্রুপে ভাগ হয়ে। এই চারটি গ্রুপের শীর্ষ দল সুযোগ পাবে চুড়ান্ত পর্বে খেলার।
ঢাকায় ইরানের খেলা
২৭ আগস্ট - বাংলাদেশ-ইরান সন্ধ্যা ৬টা
২৯ আগস্ট - ইরান-কিরঘিজিস্তান-বেলা ১১টা
৩১ আগস্ট ইরান- আরব আমিরাত- বিকেল ৩টা
৩ সেপ্টেম্বর ইরান- সিঙ্গাপুর- বেলা ১১টা
৫ সেপ্টেম্বর ইরান- তাইওয়ান বিকাল ৩টা
ঢাকায় বাংলাদেশের খেলা
২৭ আগস্ট - বাংলাদেশ-ইরান সন্ধ্যা ৬টা
২৯ আগস্ট - বাংলাদেশ-সিঙ্গাপুর সন্ধ্যা ৬টা
৩১ আগস্ট - বাংলাদেশ-কিরগিজস্তান সন্ধ্যা ৬টা
৩ সেপ্টেম্বর -বাংলাদেশ-চীনা তাইপে সন্ধ্যা ৬টা
৫ সেপ্টেম্বর- বাংলাদেশ-আমিরাত বেলা ১১টা
* সব ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭