পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার মামলা: ফখরুলসহ ৭৪ নেতাকর্মীর বিচার শুরু
পুলিশের প্রত্যক্ষ কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগ রাজধানী ঢাকার নয়াপল্টন থানার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
আজ (মঙ্গলবার) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এই আদেশ দেন। অভিযোগ গঠনের ফলে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু হলো।
অভিযোগ গঠনের সময় মির্জা ফখরুল নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের দাবি জানান। শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, “রাজনৈতিকভাবে হয়রানির জন্য মামলার চার্জশিটে মির্জা ফখরুলের নাম দেয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।”
অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালমা হাই টুলি আসামিপক্ষের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আবেদন জানান।
আদালত উভয়পক্ষের শুনানি শেষে আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। এছাড়া, সাক্ষ্যের জন্য পরবর্তী তারিখ ৪ ডিসেম্বর ধার্য করেন আদালত।
পরে মির্জা ফখরুল ইসলামের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ সাংবাদিকদের বলেন, “২০১২ সালের ৯ সেপ্টেম্বর পল্টন থানার পুলিশ এই মামলা করে। তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ জুলাই মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। ওই অভিযোগপত্র আমলে নিয়ে আদালত আজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।”
৭৪ জন আসামির মধ্যে ৩৮ জন আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়েছে।
২০১২ সালের ৯ ডিসেম্বর ফকিরাপুল মোড়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনায় পল্টন থানার এসআই আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। ২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কর্মী সাজাদুর রহমানসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।#
পার্সটুডে/এআর/২০