জল্পনার অবসান: তাসকিন-সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করল আইসিসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i20980-জল্পনার_অবসান_তাসকিন_সানির_বোলিং_অ্যাকশন_বৈধ_ঘোষণা_করল_আইসিসি
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ঠিক একদিন আগে এ সুখবর পেল বাংলাদেশ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১৫:০৪ Asia/Dhaka
  • তাসকিন আহমেদ ও আরাফাত সানি
    তাসকিন আহমেদ ও আরাফাত সানি

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ঠিক একদিন আগে এ সুখবর পেল বাংলাদেশ।

আজ (শুক্রবার) বিকেলে আইসিসির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ বলে প্রতীয়মান হয়েছে। এ দু’জন আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বোলিং করতে পারবেন। আর এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।”

আইসিসির নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে আসন্ন আফগানিস্তান সিরিজে আর খেলতে বাধা থাকছে না তাসকিনের। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল ঘোষণা করার সময়েই তাসকিনের জন্য জায়গা রেখেছিল। প্রধান নিবাচক মিনহাজুল আবেদীন নান্নুও বলেছিলেন, তাসকিনের ইতিবাচক ফল আসবে ধরে নিয়েই একটি জায়গা ফাঁকা রেখে ১৩ জনের স্কোয়াড দেয়া হয়েছে। তবে সানিকে রাখা হয়নি চূড়ান্ত দলের আগে ঘোষিত ২০ জনের ওয়ানডে পুলে। নতুন অ্যাকশনে এই বাঁহাতি স্পিনারকে আরও অভ্যস্থ হওয়ার সময় দিতে চান নির্বাচকেরা।

গত ৯ মার্চ ভারতের ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তাসকিন-সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। পরে ১৯ মার্চ অবৈধ অ্যাকশনের দায়ে দু জনকেই বোলিংয়ে নিষিদ্ধ করে আইসিসি। ২১ মার্চ তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে বিসিবি। দু দিন পর জুডিশিয়াল কমিশনার বহাল রাখে নিষেধাজ্ঞা।

এরপর দেশে ফিরে বোলিং অ্যাকশন শোধরানোর মিশনে নামেন এই দুই বোলার। ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন তারা। এরপর চলতি মাসের ৮ তারিখে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে চূড়ান্ত অ্যাকশনের পরীক্ষা দেন দু জন। অবশেষে সেই পরীক্ষার ফলাফল এল দেশের ক্রিকেটের জন্য বড় স্বস্তি হয়ে।

এর আগেও বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক,  সোহাগ গাজী, আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিল আইসিসি। ওই তিন বোলারের অ্যাকশন অবৈধও ঘোষণা হয়েছিল। পরে নিজেদের শুধরিয়ে ফের দলে জায়গা করে নেন রাজ্জাক, সোহাগ এবং আল-আমিন।#

পার্সটুডে/এআর/২২