১০ টাকা কেজি দরে চাল বিক্রি নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i22870-১০_টাকা_কেজি_দরে_চাল_বিক্রি_নিয়ে_নানা_অনিয়ম_ও_দুর্নীতির_অভিযোগ
বিএনপি অভিযোগ করেছে, বর্তমান শাসকগোষ্ঠী সম্প্রতি ১০ টাকা কেজি দরে গরীব মানুষকে চাল দেয়ার নামে সারাদেশে গরীবের চাল ‘লুটপাট’ শুরু করেছে। ১০ টাকা কেজি দরে চাল বিক্রির নামে অনিয়ম, লুটপাট ও দুর্নীতি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ১৭:০১ Asia/Dhaka

বিএনপি অভিযোগ করেছে, বর্তমান শাসকগোষ্ঠী সম্প্রতি ১০ টাকা কেজি দরে গরীব মানুষকে চাল দেয়ার নামে সারাদেশে গরীবের চাল ‘লুটপাট’ শুরু করেছে। ১০ টাকা কেজি দরে চাল বিক্রির নামে অনিয়ম, লুটপাট ও দুর্নীতি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গরীবের হক নিয়ে ক্ষমতাসীনরা গ্রামাঞ্চলে যে লুটপাট, দুর্নীতি, কেলেঙ্কারী ও অনিয়মের খেলা শুরু করেছে তা অতীতে কখনো ঘটেনি।

এ প্রসঙ্গে কুড়িগ্রামের ফুলবাড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে রেডিও তেহরানকে  জানান, তাদের দেয়া তালিকা গ্রহণ না করে ফুড অফিসের কর্মকর্তারা সরকার দলীয় ডিলারদের পছন্দমত লোকদের নামে চাল বরাদ্দ করছে। এতে প্রধানমন্ত্রীর ঘোষিত দুঃস্থদের জন্য ১০ টাকা চালের কর্মসূচি ব্যাহত হচ্ছে।

ওদিকে কুড়িগ্রাম ও বগুড়ার স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, এ কর্মসূচি নিয়ে নানা কেলেংকারীর কথা। এ প্রসঙ্গে কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিক ইউনুস আলি রেডিও তেহরানকে জানান, অনিয়ম ও অব্যবস্থার কারণে সেপ্টেম্বর মাসে ১০ টাকার চাল বিতরণ করা যায় নি।

বগুড়ার সাংবাদিক মহসীন আলি রাজু জানান, ১০ টাকা কেজি চাল নিয়ে কেলেংকারীর দায়ে একজন চেয়ারম্যান ও ফুড অফিসের কর্মকর্তা লাঞ্ছনার শিকার হয়েছেন।

এ দিকে বিএনপি নেতা শামসুজ্জান দুদু আজকের সংবাদ সম্মেলনে আরো বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে আ.লীগ ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে ১০ টাকা কেজিতে  চাল, বিনা মূল্যে সার, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ,এবং ঘরে ঘরে চাকুরি দিবে।

কিন্তু ক্ষমতার সাত বছর পার করলেও ১০ টাকা কেজির চাল প্রদান তো দুরের কথা বিগত দিনে তাদের আমলে মোটা চালের মূল্য ৪০ ও অন্যান্য চাল ৫০/৬০ টাকায় কিনে খেতে মানুষের নাভিশ্বাস উঠেছে।

তিনি বলেন, নির্বাচনী মিথ্যা ও ভাওতাবাজীর প্রতিশ্রুতি দিয়ে ১০ টাকা কেজি দরে চাল বিপণন পদ্ধতি চালু করা হয়েছে কেবলমাত্র দলীয় নেতাকমী-সমর্থকদেরকে অবৈধ ও অনৈতিকভাবে লাভবান করে নিজেদের মসনদ চিরস্থায়ী করার লক্ষ্য নিয়ে।

বিএনপির এই নেতা বলেন, প্রতারণার মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করে সাধারণ মানুষকে ঠকিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদেরকে মোটাতাজাকরণের যে প্রকল্প গ্রহণ করেছে তা শাসকগোষ্ঠীর জন্য বুমেরাং হবে।

গত ৭ সেপ্টেম্বর ১০ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চাল বিক্রিতে কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও সম্প্রতি ঘোষণা দেন তিনি।#
 

পার্সটুডে/এআর