আওয়ামী লীগের সম্মেলনে না যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন রিজভী
-
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী
আওয়ামী লীগের ২০তম সম্মেলনের আমন্ত্রণ পেয়েও শেষপর্যন্ত তাতে অংশ না নেয়ার বিষয়ে আজ আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিএনপি।
আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকা এবং বিএনপি নেতাকর্মীদের গুম-খুন ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন অব্যাহত থাকায় বিএনপি আওয়ামী লীগের কাউন্সিলে যায়নি।
দুই মাস কারাভোগ শেষে মুক্তি পেয়ে আজ দলীয় কার্যালযে এসে রিজভী বলেন, বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ আসেনি। যেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আক্রমণ করে বক্তব্য দেয়া হয়, যেখানে দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই সেখানে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার মতো কোনো পরিবেশ তৈরি করেনি সেখানে বিএনপি’র না যাবার সিদ্ধান্ত সঠিক।
বিএনপির এই নেতা বলেন, বিএনপির কাউন্সিলে সরকার বিভিন্নভাবে বাধা দিয়েছে। রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের আসতে বাধা দিয়েছে। কাউন্সিলের অনুমতি দিয়েছে দুই/তিনদিন আগে। যেন সকলের মনে একটা সন্দেহ জাগে বিএনপি কাউন্সিল করতে পারবে কিনা। আমাদের ব্যানার পোস্টার লাগাতে দেয়নি।
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, "বিএনপির নেতা-কর্মীদের খুন-গুম করা হচ্ছে। মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এ রকম একটি পরিবেশে মেরুদণ্ড নিয়ে কেউ আওয়ামী লীগের সম্মেলনে যেতে পারে না। যারা দেশ শাসন করছেন, তারা জনগণের প্রতিনিধি নন। তারা সবাই নিজেদের জমিদার মনে করেন।" রাষ্ট্রের অর্থায়নে আওয়ামী লীগ সম্মেলন করছে বলেও অভিযোগ করেন রিজভী।
এ সময়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না, গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান, তরুণ বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলসহ দলের নেতা-কর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২