শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: হাফিজ উদ্দীন
https://parstoday.ir/bn/news/bangladesh-i24604-শেখ_হাসিনা_সরকারের_অধীনে_বিএনপি_নির্বাচনে_যাবে_না_হাফিজ_উদ্দীন
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি সাধারণ নির্বাচনে অংশ নেবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৬ ১৩:২৮ Asia/Dhaka
  • মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ
    মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি সাধারণ নির্বাচনে অংশ নেবে না।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, এর আগে আমাদের নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়।

তিনি বলেন, 'ভোটাধিকার হরণ করা নির্বাচন বাংলার মাটিতে আর হতে দেব না। আওয়ামী লীগ যদি আবার এমন নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করে থাকে তাহলে বিএনপি ঘরে বসে থাকবে না, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।'

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার রাজপথে নামবে এমন হুমকি দিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ফ্যাসবাদী এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বেগম জিয়ার নেতৃত্বে আমরা আবার রাজপথে নামব।

আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি মানে ডিজিটাল পদ্ধতিতে ভোট কারচুপির প্রস্তুতি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি আরও প্রশ্ন করেন, 'ধর্ষণ কি তাদের উন্নয়নের নমুনা? দেশের প্রতিটি ধর্ষণের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকে বলেই ধর্ষকদের বিচার হচ্ছে না। যার ফলে অপরাধীরা  উৎসাহিত হচ্ছে।'

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা রাশেদা বেগম হীরা প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২