যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ৭ নভেম্বরে বাধা দেবে না: মির্জা ফখরুল
-
জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম
সরকারের অনুমতি না পেলেও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ৭ নভেম্বরে বাধা দেবে না বলেও মত দেন তিনি।
আজ (শুক্রবার) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ৭ নভেম্বর উপলক্ষে সারাদেশে স্থান চাওয়া হয়েছে, আবারও অনুমতি চাওয়া হবে। অনুমতি না পেলেও সমাবেশ করা হবে। আশা করি সরকার গণতন্ত্রের বিষয়ে শ্রদ্ধা রেখে অনুমতি দেবে।
তিনি আরও বলেন, আগে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি পালিত হতো। এখন সরকার বাধা দিচ্ছে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে তারা এমনটি করত না।
ব্রাহ্মনাবাড়িয়ার নাসিরনগরের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, প্রশাসন যদি তখনই ব্যবস্থা নিত, তবে এমন কঠিন পরিস্থিতি আসত না। মহল বিশেষের ইন্ধন থাকায় এই ঘটনা ঘটেছে।
বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সকাল ১০টায় সেখানে উপস্থিত হন। বেলা পৌনে ১২টার দিকে মির্জা ফখরুল এলে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ফজুলল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।#
পার্সটুডে/এআর/৪