গণবিস্ফোরণের আগেই সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন দিন: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i25702-গণবিস্ফোরণের_আগেই_সব_দলের_সঙ্গে_আলোচনা_করে_নির্বাচন_দিন_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "দেশে একটা গণবিস্ফোরণ ঘটার আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন দেয়ার ব্যবস্থা করুন।"  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০১৬ ১৫:৩৩ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "দেশে একটা গণবিস্ফোরণ ঘটার আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন দেয়ার ব্যবস্থা করুন।"  

তিনি বলেন, "গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন হয় না। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।"

বিএনপি মহাসচিব বলেন, "দেশে যেভাবে সহিংসতা, হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে, তাতে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে। তাই গণবিস্ফোরণ ঘটার আগেই সবরাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন দেয়ার আহ্বান জানাচ্ছি।"

গাইবান্ধায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষ হত্যার ঘটনাকে ‘গণহত্যার শামিল বলে’ মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গাইবান্ধায় গোবিন্দঞ্জ উপজেলায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, "আমরা অসভ্য মানুষদের শাসনে বসবাস করছি, যারা দেশকে জঙ্গলে পরিণত করেছে। আমাদের এই জঙ্গল থেকে বের হয়ে আসতে হবে। রাজনৈতিক শ্লোগান নয়। দাবি ও ইস্যুতে শ্লোগান দিতে হবে। মনের ভেতরে আগুন ও ক্ষোভ তৈরি করতে হবে। আর সেই ক্ষোভে বর্তমান শাসকদলকে পরাজিত করতে হবে।"

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে রাজধানীতে  সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আজ সোমবার ঢাকাসহ সব মহানগরের থানা এলাকা এবং জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তবে কোথাও কোনরকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪