খালেদা জিয়ার প্রস্তাবনা নিয়ে কথা বলতে প্রেসিডেন্টের কাছে সময় চেয়েছে বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i26305-খালেদা_জিয়ার_প্রস্তাবনা_নিয়ে_কথা_বলতে_প্রেসিডেন্টের_কাছে_সময়_চেয়েছে_বিএনপি
বাংলাদেশে শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট আলাপ-আলোচনার ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও এ প্রস্তাবনা পাঠাবেন বলে জানান তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২১, ২০১৬ ১২:২৭ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট আলাপ-আলোচনার ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও এ প্রস্তাবনা পাঠাবেন বলে জানান তিনি।

আজ (সোমবার) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, 'বিএনপি মনে করে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া চলমান রাজনৈতিক সংকট নিরসন করার কোনো উপায় নেই। সেই কারণে রাষ্ট্রপতির যে দায়িত্ব রয়েছে, তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি কোনো দলভুক্ত মানুষ নন। ওনার দায়িত্ব খালেদা জিয়ার প্রস্তাব উপস্থাপন করবেন এবং এ সম্পর্কে আলাপ-আলোচনা শুরুর ব্যবস্থা নেবেন।'

বিএনপি মহাসচিব বলেন, 'বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সারাদেশেই তীব্র সমালোচনা আছে। নির্বাচন ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে নতুন নির্বাচন কমিশন গঠন করে কিভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় এবং কমিশনকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা যায় সেজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির পক্ষে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করার প্রস্তাবনা দিয়েছেন। এই প্রস্তাবনা হচ্ছে জাতির উদ্দেশ্য।'

মির্জা ফখরুল আরও বলেন, "যেহেতু সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশন গঠন করার দায়িত্ব রাষ্ট্রপতির। তাই খালেদা জিয়ার এই প্রস্তাবটি বিএনপি অবশ্যই রাষ্ট্রপতির কাছে পাঠাবে। ওনার কাছে প্রস্তাবটি পাঠানোর জন্য ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। যদিও আমরা এখনও সময় পায়নি। তবে আমরা আশা করছি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে খালেদা জিয়ার প্রস্তাব উপস্থাপন করার জন্য তিনি সুযোগ করে দেবেন। সেই অপেক্ষায় আছে বিএনপি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খালেদা জিয়া একজন দায়িত্বশীল জাতীয় নেতার মতোই নির্বাচন কমিশন নিয়ে প্রস্তাবনা উপস্থাপন করেছেন।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার প্রস্তাবই বাস্তবায়ন করতে হবে এমন না। আলোচনা সাপেক্ষে অবশ্যই পরিবর্তনযোগ্য।

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠনে সব দলের সম্মতিতে বাছাই কমিটি গঠন এবং পরে সেই কমিটির মাধ্যমে রাজনৈতিক দল প্রস্তাবিত নাম দিয়ে কমিশন গঠনের প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। আওয়ামী লীগ ইতোমধ্যে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/এআর/২১