নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির
-
রুহুল কবির রিজভী (ফাইল ফটো)
নারায়ণগঞ্জ সিটি করপোরশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার পরপরই মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।
আজ(মঙ্গলবার) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় রিজভী বলেন, “নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সেনা মোতায়েন চাই। সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সেনাবাহিনী মোতায়েন এবং তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করা প্রয়োজন। কারণ ওই এলাকার পরিচয় হয়েছে গডফাদারদের শহর।
তিনি বলেন,“নারায়ণগঞ্জে সাধারণ মানুষ যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পায় তাহলে তাদের পছন্দমতো লোককে তারা ভোট দেবে, গডফাদারকে ভোট দেবে না। সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য সেখানে সেন মোতায়েনের আমি জোর দাবি জানাচ্ছি।।”
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় রাজধানীর লাগোয়া এই সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর; প্রার্থিতার আবেদনের শেষ সময় ধরা হয়েছে ২৪ নভেম্বর।
এই নির্বাচনে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মেয়র পদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন বিএনপি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াতকে এ নির্বাচনে লড়তে হবে বর্তমান মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে।
নারায়ণগঞ্জে গত নির্বাচনেও সেনা মোতায়েনের দাবি তুলেছিল বিএনপি। শুরুর দিকে সীমিতভাবে সেনা বাহিনীকে মাঠে রাখার বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হলেও পরে তা করা হয়নি। ওই নির্বাচন বর্জনের ক্ষেত্রে বিএনপি সেনা মোতায়েন না করাকে অন্যতম যুক্তি হিসেবে হাজির করেছিল। #
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২২