বিএনপি নেতা এম এ মান্নানের জামিন বহাল; 'মুক্তিতে বাধা নেই'
https://parstoday.ir/bn/news/bangladesh-i26602-বিএনপি_নেতা_এম_এ_মান্নানের_জামিন_বহাল_'মুক্তিতে_বাধা_নেই'
দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গাজীপুরের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নানের জামিন বহাল রেখেছে আদালত। সেইসঙ্গে এম এ মান্নানকে দেয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এটিসহ তার বিরুদ্ধে করা ২৬টি মামলায় তিনি জামিন পেলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৪, ২০১৬ ১২:৫৩ Asia/Dhaka
  • বিএনপি নেতা এম এ মান্নানের জামিন বহাল; 'মুক্তিতে বাধা নেই'

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গাজীপুরের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নানের জামিন বহাল রেখেছে আদালত। সেইসঙ্গে এম এ মান্নানকে দেয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এটিসহ তার বিরুদ্ধে করা ২৬টি মামলায় তিনি জামিন পেলেন।

আজ (বৃহস্পতিবার) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। এ রায়ের ফলে মান্নানের কারামুক্তিতে আইনগত আর কোন বাধা নেই বলে জানান তার আইনজীবী আবু হানিফ।

এর আগে ১৭ আগস্ট হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুদকের মামলায় মেয়র মান্নানকে জামিন দিয়েছিলেন। এই জামিনের বিরুদ্ধে দুদক আবেদন করে। আজ এই আবেদনের ওপর শুনানি হয়। আদালতে মান্নানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও আবু হানিফ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খন্দকার মাহবুব হোসেন বলেন, মেয়র মান্নান তার বিরুদ্ধে থাকা অন্যসব মামলায় জামিনে আছেন। আজ এ মামলায় আপিল বিভাগ জামিন বহাল রাখায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

মামলার বিবরণীতে জানা যায়, সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে এক কোটি তিন লাখ আট হাজার ১৩২ টাকা আয় হয়। এরমধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হজার টাকা ব্যয় করা হয়। ব্যাংক হিসাবের মাধ্যমে যথাযথভাবে এই ব্যয় করা হয়নি বলে গত ১৩ জুন দুদকের উপপরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা করেন। কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়।

২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র মান্নান প্রথম দফায় গ্রেফতার হন। পরে তাকে ২২টি মামলায় গ্রেফতার দেখানো হয়। সেসব মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পর চলতি বছর ২ মার্চ তিনি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর চলতি বছর ১৫ এপ্রিল এম এ মান্নানকে আবার গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৪