রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করা হচ্ছে-কামাল, আশ্রয় দেয়ার আহ্বান মোশাররফের
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হচ্ছে এবং শরণার্থী শিবির থেকে সুবিধাজনক সময়ে তাঁদের ফেরত পাঠানো হবে। আজ(শনিবার) বেলা ১১ টায় নওগাঁয় বাজারে ব্যবসা নিরাপত্তায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও কোস্টগার্ডের সর্বোচ্চ সতর্কতা সত্ত্বেও যেসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে, তাদের প্রতি মানবিক আচরণ দেখানো হচ্ছে।
তিনি আরো জানান, অনুপ্রবেশকারীদের মধ্যে যাদের চিকিৎসা প্রয়োজন, তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। যারা সুস্থ, তাদের ফেরত পাঠাচ্ছে বিজিবি। এ ছাড়া শরণার্থী শিবিরে থেকে যাওয়া রোহিঙ্গাদের সুবিধাজনক সময়ে ফেরত পাঠানো হবে।
মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে বর্তমানে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে আশ্রয়গ্রহণকারী মহম্মদ হোসেন (৪৫) রেডিও তেহরানকে তার পালিয়ে আসার করুন কাহিনী বর্ননা করে জানান,আগুন দিয়ে তাদের বাড়ী ঘর পুড়িয়ে দেয়া হয় । এসময় তাদের ছোট ছেলেটি পালাতে পারে নি। আগুনে পুড়ে মারা গেছে। বড় ছেলেটি গুলিবিদ্ধ হয়ে দুদিন পর মারা যায়। সে তার বৃদ্ধা মা ও স্ত্রী জীবন নিয়ে পালিয়ে দালালদের মাধ্যমে টাকা দিয়ে নৌকাযোগে সমুদ্র পথে বাংলাদেশের সীমান্তে পৌঁছায়। এর পর গ্রামবাসী তাদের খাবার ও ওষুধপত্র দিয়ে সুস্থ করে শরণার্থী ক্যাম্পে নিয়ে আসে।
মিয়ানমারের সর্বশেষ সহিংসতার বর্ননা দিয়ে রোহিঙ্গা এডুকেশন ডেভলপমেন্টে প্রোগ্রামের সাধারণ সম্পাদক জনাব জমিরউদ্দিন জানান, গতকাল শুক্রবার সারা বিশ্বের মুসলমানরা যখন রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করে তখন মংডু এলাকায় নতুন করে সহিংসতা চালানো হয়। এলোপাথারী গুলি করে হত্যা, ধর্ষণ, বাড়ীঘরে আগ্নিসংযোগ -এ সব ঘটনা হিটলারের নাৎসী নিধনের ঘটনাকেও হার মানিয়েছে।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন- সাময়িকভাবে হলেও রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রত্যাশা করেন বাংলাদেশ সরকার পার্শ্ববর্তী দেশ হিসাবে মায়ানমারে নির্যাতিত মুসলমাদের পাশে দাঁড়াবে, মানবিক ভূমিকা পালন করবে ।
তাছাড়া, মিয়ানমারে গণহত্যা ঠেকাতে বাংলাদেশ সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শনিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ কল্যাণ পার্টির মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় নোমান বলেন, ‘রাজনৈতিক নেতাদের কাছ থেকে পরামর্শ নিন কিভাবে সমস্যার সমাধান করা যায়।’
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন এখনও থামানো হয়নি। নির্বিচারে মানুষ হত্যা চলছেই। বাংলাদেশের উচিত কূটনীতিক পর্যায়ে সমস্যা সমাধানের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো।’
এসময় মিয়ানমারে জাতিসংঘ শান্তি মিশন প্রয়োগ করতে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি’র এ নেতা। #
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৬