আওয়ামী লীগ ক্ষমতার সুযোগ পেলেই দানবে পরিণত হয়: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i26848-আওয়ামী_লীগ_ক্ষমতার_সুযোগ_পেলেই_দানবে_পরিণত_হয়_ফখরুল
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতার সুযোগ পেলেই দানবে পরিণত হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৭, ২০১৬ ১৪:২৭ Asia/Dhaka
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতার সুযোগ পেলেই দানবে পরিণত হয়।

আজ (রোববার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'ডা. মিলন, গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট'- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আওয়ামী লীগকে 'পুরোনো ও পরীক্ষিত স্বৈরাচার' হিসেবে আখ্যায়িত করে বলেন, "আজ যেখানেই সন্ত্রাস, হত্যা, টেন্ডারবাজি ও দখল সেখানেই আওয়ামী লীগের উপস্থিতি। সুযোগ পেলেই এরা দানবে পরিণত হয়। কাজেই এদেরকে আর নব্য স্বৈরাচার বলা যাবে না। এরা এখন পুরোনো ও পরীক্ষিত স্বৈরাচার।"

ডা. শামসুল আলম খান মিলনের ২৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

এ সময় আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, দাম্ভিকতা ও অহংকার ছেড়ে সহনশীলতার পথে এসে খালেদা জিয়ার প্রস্তাবনা বিবেচনায় নিয়ে আলোচনার উদ্যোগ নিন। রাষ্ট্রনায়কের মতো নেতৃত্ব দিন। এই দেশ কারো একার পৈত্রিক সম্পত্তি নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলন স্মৃতিসৌধে বিএনপি নেতাদের শ্রদ্ধা

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, "বিএনপি যেখানে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গণতান্ত্রিক পদ্ধতি ও পরিবেশ চায় সেখানে আওয়ামী লীগ সারাক্ষণ চেষ্টা করে বিএনপিকে কিভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকাণ্ডের সঙ্গে জড়ানো যায়। ফলে দেশে আজ শান্তি, স্বস্তি নেই। দেশের সকল অর্জনকে ধ্বংস করে দিচ্ছে এই আওয়ামী দানব সরকার।"

বিএনপি আন্দোলনে ব্যর্থ, আন্দোলনের শক্তি নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, "বন্দুক, পিস্তল হাতে নিয়ে অনেক কিছুই করা যায়। তা ছাড়া আওয়ামী লীগ তো পারেও। তারা দিনকে রাত বানাতে পারে।"

ডা. সিরাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপি ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-তথ্যবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭