রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের প্রতি ২০ দলের আহ্বান
https://parstoday.ir/bn/news/bangladesh-i27058-রোহিঙ্গাদের_বাংলাদেশে_আশ্রয়_দিতে_সরকারের_প্রতি_২০_দলের_আহ্বান
মিয়ানমারে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হামলার কারণে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৬ ২১:০২ Asia/Dhaka
  • রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের প্রতি ২০ দলের আহ্বান

মিয়ানমারে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হামলার কারণে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয়। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর সাংবাদিকদের বলেন, ’২০ দলীয় জোট মনে করে রোহিঙ্গা সমস্যা সমাধান করার দায়িত্ব সম্পূর্ণভাবে মিয়ানমার সরকারের। সভা মনে করে, অং সান সু চি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য এবং গণতন্ত্রকে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য তিনি দীর্ঘ ত্যাগ স্বীকার করেছেন, তিনি এগিয়ে আসবেন মানবতার স্বার্থে। এগিয়ে এসে তিনি এই নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করবেন বলে সভা মনে করে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘২০ দলীয় জোট রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। বিষয়টি মিয়ানমার ও জাতিসংঘের সামনে তুলে ধরে সমস্যা সমাধানের জোর দাবি জানাচ্ছে।’

২০ দলীয় জোটের বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দেয়া হয়। সভায় নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ২০ দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

জোটের সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আমান উল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।#

পার্সটুডে/এআর/৩০